Bhowanipur Chaos: রাত্রিবেলা হঠাৎ উত্তপ্ত ভবানীপুর, কী নিয়ে ঝামেলা? – Bengali News | Chaos in Bhowanipur TMC and BJP sloganing against each other
কলকাতা: আবার উত্তপ্ত ভবানীপুর। ভবানীপুর থানার সামনে স্লোগান তৃণমূল কর্মী ও বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগ, বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগ। তার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পদ্ম শিবিরের। একে অপরের বিরুদ্ধে স্লোগান যুদ্ধ।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র এই ভবানীপুর। এবার সেই কেন্দ্রেই প্রার্থী হয়ে আরও একটু উত্তাপ বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই তপ্ত থাকছে ভবানীপুর। এর আগেও এই পতাকা-ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠেছিল ভবানীপুরে। দুপক্ষই দুজনের বিরুদ্ধ অভিযোগ করেছিল। এরপর আজ একই ঘটনা।
বিজেপি কর্মীদের দাবি, হলুদ জামা পরা কয়েকজন কর্মী ভবানীপুরের রাস্তায় থাকা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যে পোস্টারগুলি ছিল সেগুলি ছিড়ে দেয়। বিষয়টি নজরে আসতেই বিজেপি কর্মীরা হাতেনাতে ধরে তাদের। তারপর পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই কয়েকজন আটক হয়েছেন। এরপরই ভবানীপুর থানার সামনে তৃণমূল ও বিজেপির স্লোগান যুদ্ধ শুরু হয়।
এক বিজেপি কর্মী বলেন, “দলদাস পুলিশ লাঠিপেটা করেছে আমাদের। বিজেপিকে ওরা আটকাতে চাইছে। কিন্তু বিজেপি ভয় পায়নি। বেশি কী করবেন? গুলি করবে? করুক..৪ তারিখ পরিবর্তন তো হবেই।” বস্তুত, কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের কাঁধে ভবানীপুরের দায়িত্ব দিয়ে জেলায়-জেলায় প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে, তাঁর অনুপস্থিতিতে এই ভবানীপুরে চুটিয়ে প্রচার সারছেন শুভেন্দু। মমতা উপস্থিত না থাকলেও প্রতিদিন নিয়ম করে সুপ্রিমোর দেওয়া দায়িত্ব পালন করে চলেছেন ফিরহাদ।