Weather Update in Bengal: সাতদিন বৃষ্টির ছুটি! ১৩ থেকে ১৬ এপ্রিল ভয়ঙ্কর খেলা বাংলায় - 24 Ghanta Bangla News
Home

Weather Update in Bengal: সাতদিন বৃষ্টির ছুটি! ১৩ থেকে ১৬ এপ্রিল ভয়ঙ্কর খেলা বাংলায়

Spread the love

Weather Update in Bengal: সাতদিন বৃষ্টির ছুটি! ১৩ থেকে ১৬ এপ্রিল ভয়ঙ্কর খেলা বাংলায়

কলকাতা: মনোরম আবহাওয়ার দিন শেষ। ফিরছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম, উল্টে পাল্লা দিয়ে বাড়বে রোদের তেজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে করছে হাওয়া অফিস। বিশেষ করে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চরম দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। 

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম অনেকটাই বাড়বে। সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকছে। যদিও সোমবার বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা দহনজ্বালা কমাতে বিশেষ কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে। উল্টে শুষ্ক আবহাওয়ায় নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার কিছুটা মিশ্র ছবি দেখা যাবে। শনিবার ও রববার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে আগামী সপ্তাহ থেকে সেখানেও বৃষ্টির দাপট কমবে, তাপমাত্রাও বাড়বে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

কলকাতাতেও আবহাওয়া বদলের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার, তবে বেলার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে শুরু করবে। রবিবারের মধ্যেই শহরের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি থাকলেও আজ থেকে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, যার ফলে আগামী বুধবার পর্যন্ত চরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *