DC vs GT : শেষ ওভারে নায়ক প্রসিদ্ধ, মিলার যেন অরুন জেটলি স্টেডিয়ামের কর্ণ! - 24 Ghanta Bangla News
Home

DC vs GT : শেষ ওভারে নায়ক প্রসিদ্ধ, মিলার যেন অরুন জেটলি স্টেডিয়ামের কর্ণ!

DC vs GT : শেষ ওভারে নায়ক প্রসিদ্ধ, মিলার যেন অরুন জেটলি স্টেডিয়ামের কর্ণ!

কলকাতা : শেষ বলে কুলদীপ যাদব ব্যাটিং ক্রিজে ডাইভ মারার সঙ্গে সঙ্গেই ব্যাট ছুঁড়লেন ডেভিড মিলার। উল্লাস শুরু করে দিয়েছেন গুজরাটের ফিল্ডাররা। উচ্ছসিত প্রসিদ্ধ কৃষ্ণা। চওড়া হাসি ধরা দিয়েছে অধিনায়ক গিলেরও। শেষ ওভারে ৯ রান সফলভাবে আটকে দিল গুজরাট। দিল্লির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতল মাত্র ১ রানে। অথচ শেষ ওভারের দ্বিতীয় বলেই ৬ মারার পর টিভি ক্যামেরা দেখাল গুজরাটের ডাগ আউটে বসে থাকা ম্যাথু হেডেনকে। চিন্তিত মুখে বসে তিনি। কিন্তু অরুন জেটলি স্টেডিয়াম যেভাবে আজ রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিল, তা দেখে যেকোনও কারও দিল্লিকে দুর্ভাগা বলে মনে হতেই পারে। অথচ শুরুটা কিন্তু মোটেও এভাবে হয়নি।

টসে জিতে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাটকে। ৭ বলে ১২ করে আউট হয়ে গেলেন সাই সুদর্শন। অধিনায়ক শুভমান গিল বড় রান পেলেন। করলেন ৪৫ বলে ৭০ রান। রান পেয়েছেন জোস্ বাটলারও (৫২)। ওয়াশিংটন সুন্দর করলেন সিজনের প্রথম হাফ সেঞ্চুরি (৫৫)। শেষে গ্লেন ফিলিপ্স ৯ বলে ১২ রান না করলে ২০০ পার করে না দিল্লি। মুকেশ কুমার পেলেন ২ উইকেট। একটি করে উইকেট পেলেন লুঙ্গি এনগিডি ও কুলদীপ যাদব।

ব্যাটে নেমে শুরু থেকেই আক্রমণ শুরু করেছিলেন পাথুম নিশঙ্কা ও কে এল রাহুল। ৮ রানের জন্য শতরান করতে পারলেন না রাহুল। আজ করলেন ৫২ বলে ৯২। রান পেলেন না নীতিশ রানা (৬) ও সমীর রিজভী (০)। ১০০/১ থেকে ১৬০/৬ হয়ে গিয়েছিল দিল্লি। সেখান থেকে দিল্লিকে জয়ের সরণিতে ফেরাতে চেষ্টা করেছিলেন ডেভিড মিলার। ২০ বলে ৪১ করলেন মিলার। কিন্তু ক্রিকেট নামক মহাভারতে কর্ণের চরিত্র কি মিলারকেই সাজে ? ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হোক বা আজ, দুই বারেই শেষ ওভারে ক্রিজে ছিলেন মিলার। দুই বারেই ম্যাচ বের করে আসতে পারলেন না তিনি।

এর আগেও আইপিএলে উত্তেজক ম্যাচ হয়েছে। কিন্তু প্রায় হারা ম্যাচ নিজের পকেটে পুরতে পুরতেও সেই ভাগ্যের দোষেই আটকে গেল দিল্লি। ২০২৪ এর বার্বাডোজ হোক বা আজকের অরুন জেটলি স্টেডিয়াম, দুই বারেই শেষ ওভারে ক্রিজে ছিলেন ডেভিড মিলার। দুইবারই পরাজিত নায়ক হয়েই থাকতে হল তাঁকে। জাস্ট কৌতূহলবশত জানতে ইচ্ছে করে, বারবার ট্র্যাজিক হিরোর চরিত্রে অভিনয় করতে করতে আপনি ক্ষান্ত হন না ডেভিড ? নাহলে কেন সেদিন লং অফে আপনার ক্যাচ ধরলেন সূর্যকুমার ? কেন আজ শেষ বল আপনার ব্যাটে লাগল না ? সবই কি কোইন্সিডেন্স ? সবই কি কাকতালীয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *