Rahul Arunoday Banerjee Death Update: শুটিংয়ের অনুমতি ছিল না, তালসারির শান্ত সমুদ্রের চোরাবালিই কি টেনে নিয়েছিল রাহুলকে? কী বলছে পুলিশ

কলকাতা: রাহুলের মৃত্য়ু ঘিরে ধোঁয়াশা, উঠছে হাজারো প্রশ্ন। রবিবার, ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন দুর্ঘটনার মুখে পড়েন রাহুল। সমুদ্রে তলিয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলছিল তালসারিতে। এটি তালসারি কোস্টাল এরিয়ার অন্তর্গত। পুলিশ সূত্রে খবর, এই শুটিংয়ের জন্য তালসারি মেরিন থানার অনুমতিই নেওয়া হয়নি। পুলিশের দাবি, জলে নেমে শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না।
গোড়ালি জলে শুটিংয়ের কথা ছিল। আকস্মিক একটা বড় ঢেউ আসায় ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান রাহুল ও শ্বেতা। এমনটাই ইউনিট সূত্রে খবর। তবে গোড়ালি জলে দাঁড়িয়ে থাকলে, কীভাবে ডুবে যাওয়ার মতো অবস্থা হল? উঠছে প্রশ্ন। এ ক্ষেত্রে তালসারি পুলিশ জানাচ্ছে, তালসারির সমুদ্র সৈকতে চোরাবালি রয়েছে। তাহলে কি চোরাবালির কারণেই দুর্ঘটনা ঘটল?
রাহুলের মৃত্যু ঘিরে আরও অনেক ধন্দ্ব রয়েছে। একই ঘটনার একাধিক বর্ণনা শোনা যাচ্ছে উপস্থিত নানা মানুষের মুখে। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা বলেছেন, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তিনি পাড়ে আসতে পারলেও, ভেসে যান রাহুল। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলে, রাহুলের এমন পরিণতি কেন হল?
শুটিংয়ের ম্যানেজার বলছেন, প্যাক আপ হয়ে গিয়েছিল। তবে ডিরেক্টর জানিয়েছেন, ড্রোন শট বাকি ছিল। সকলের প্যাক আপ হয়নি। রাহুল ও শ্বেতার শট বাকি ছিল। ক্যামেরা সেট আপ করা হচ্ছিল, তখন সমুদ্রে এগিয়ে যান রাহুল। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, শুটিংয়ের এতজন কলাকুশলী, টেকনিশিয়ান উপস্থিত ছিলেন, তাদের মাঝখান দিয়ে কীভাবে রাহুল সমুদ্রে নামলেন? সঙ্গে সঙ্গেই বা কেন উদ্ধার করা যায়নি তাঁকে? তালসারির সমুদ্র সৈকত শান্ত। পর্যটকের ভিড়ও কম থাকে সেই কারণে। ওই শান্ত সমুদ্রে কীভাবে ডুবে গেলেন রাহুল? যথাযথ সুরক্ষা ব্যবস্থা কি ছিল? লাইফ সেভিং গার্ড, ইমার্জেন্সি মেডিক্যাল টিম না নিয়েই সমুদ্রের ধারে কীভাবে শ্যুটিং চলছিল?
আজ তমলুক মেডিক্যাল কলেজে রাহুলের মরদেহের ময়নাতদন্ত হবে। তারপর কলকাতায় আনা হবে দেহ।