ও আক্রমন করলেও নিয়ন্ত্রিত, কোহলিকে দরাজ সার্টিফিকেট অশ্বিনের! - 24 Ghanta Bangla News
Home

ও আক্রমন করলেও নিয়ন্ত্রিত, কোহলিকে দরাজ সার্টিফিকেট অশ্বিনের!

Spread the love

ও আক্রমন করলেও নিয়ন্ত্রিত, কোহলিকে দরাজ সার্টিফিকেট অশ্বিনের!

কলকাতা : গতকাল আইপিএলের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নের মতো শুরু করেছে আরসিবি। ঈশান কিষানের দল সানরাইজার্স হায়দরাবাদকে হেলায় উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। আরসিবির হয়ে দুরন্ত খেলেছেন কিং কোহলি, দেবদত্ত পাদিক্কাল, অধিনায়ক রজত পাতিদার। ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। এরপরেই তাঁকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন জাতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে অশ্বিন বলেছেন,”এই বয়সেও কোহলির রানের খিদে দেখে বেশ অবাক লাগে। দল ভাল খেলছিল। তার মধ্যেই ঈশান মালিঙ্গাকে মারা লং অনের উপর দিয়ে ছয়টা ম্যাচের সেরা শট। কিন্তু কোহলিকে দেখুন। এক রান নিয়েই সঙ্গেসঙ্গে দুই রান নেওয়ার জন্য তৈরী থাকে ও। এটাই ওর মানসিকতা। ও কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী।” কোহলির ব্যাটিং মানসিকতা নিয়েও প্রশংসা করেন অশ্বিন। তাঁর কথায়,”কোহলির খেলা দেখে বোঝা যায়, ও হয়ত লোককে শেখায় যে ক্রিকেটটা কিভাবে খেলতে হয়। ও আক্রমণ করলেও যথেষ্ট নিয়ন্ত্রিত থাকে। ওর উচিত পুরো ২০ ওভার ব্যাট করা।” প্রায় ১০ মাস পর আবার টি-টোয়েন্টি খেললেন কোহলি কিন্তু একবারের জন্যও তাঁকে দেখে অফফর্মে মনে হয়নি। বরং বেশ কিছু শট দেখে মনে হয়েছে, এই বিরাট সত্যিই ভয়ঙ্কর।

অশ্বিন প্রশংসা করেছেন বোলার জেকব ডাফিরও। নিজের অভিষেক ম্যাচেই ৩ উইকেট পেয়েছেন এই কিউয়ি বোলার। তাঁকে নিয়ে অশ্বিন বললেন,”ডাফিকে দলে নেওয়া অসাধারণ সিদ্ধান্ত। ও দুই দিকেই বল সুইং করতে পারে, এটাই ওর স্পেশালিটি।” তিনে নেমে দুর্দান্ত ব্যাট করলেন দেবদত্ত পাদিক্কাল। খেললেন ২৬ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস। অধিনায়ক রজত পাতিদার করলেন ১২ বলে ৩১ রানের ইনিংস। আইপিএলে এই প্রথমবারের জন্য কোনও উদ্বোধনী অনুষ্ঠান হল না। গত বছর আরসিবির ট্রফি সেলিব্রেশনের সময় ১১ জন সমর্থক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তাঁদের শ্রদ্ধা জানাতেই ম্যাচের শুরুতে ১ মিনিটে নিরবতা পালন করা হল। কিন্তু গতকালের ম্যাচের পরেই যেন সবই কোহলিময়। কাল কোহলির ৬৯ রানের ইনিংস সাজানো ৫টি চার ও ৫টি ছয় দিয়ে। এর মধ্যেই ৩৭ বছরের কোহলিকে নিয়ে মুগ্ধ অশ্বিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *