Assam Assembly Election : অসমে ‘একলা চলো নীতি’, ২২ আসনে লড়াইয়ের ঘোষণা তৃণমূলের

দিগজ্যোতি লেখার, দিসপুর : পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। উত্তর-পূর্বের এই রাজ্য এবার ভোট ময়দানে একলা চলো নীতি নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে তারা। প্রথমে ৫১টি আসনে লড়াইয়ের বিবেচনা করা হয়েছিল। তবে, মোট ২২ আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, অসমের নির্বাচনে বিরোধী জোটে তাঁরা থাকবেন না। একক শক্তিতে লড়াই করেই অসমে বিরোধী হিসেবে শক্ত অবস্থান গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল।
অসমে দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। মোট ২২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরাকে ৫ কেন্দ্রে লড়াই করবেন তৃণমূল প্রার্থীরা। ব্রহ্মপুত্রে ১৭টি আসনে টিকিট দিয়েছে তৃণমূল। দলের দাবি, মাত্র ৭টি সংখ্যালঘু অধ্যুষিত আসন রেখে বাকি আসনে সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
প্রার্থী বাছাইয়ে বিজেপি ছেড়ে আসা নেতাদের এড়িয়ে বিদ্রোহীদের সুযোগ দিয়েছে দল। যাতে ভবিষ্যতে দলবদলের ঝুঁকি কমে। তৃণমূলের অভিযোগ, রাজ্যে কংগ্রেস-বিজেপি নিয়ে বিভ্রান্তির মাঝেই তারা বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে চায়। সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, লক্ষ্য স্থির রেখেই ভোটে নামছে দল। ফল যাই হোক, বিরোধী হিসেবে শক্ত অবস্থান গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল।