South Dinajpur: থানার সামনেই তৃণমূল কর্মীকে গুলি, অভিযুক্ত শাসকনেতা পলাতক - 24 Ghanta Bangla News
Home

South Dinajpur: থানার সামনেই তৃণমূল কর্মীকে গুলি, অভিযুক্ত শাসকনেতা পলাতক

Spread the love

South Dinajpur: থানার সামনেই তৃণমূল কর্মীকে গুলি, অভিযুক্ত শাসকনেতা পলাতক

গঙ্গারামপুর: মধ্যরাতে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি। শহর তৃণমূল নেতার বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ভর্তি গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত ওই ব্যক্তির নাম শিবা চৌধুরী(৩৯)। বাড়ি গঙ্গারামপুর থানার মিতা হল মোড় এলাকায়। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতার নাম বাবু চৌধুরী। ঘটনার পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক।

ভোটের বাংলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে খোঁচা দিল বিজেপি। বুধবার এক্স হ্যান্ডলে টুইট করে সরব হয়েছেন গঙ্গারামপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। অভিযুক্ত বাবু চৌধুরী গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থীর অনুগামী বলেও তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন। বাবু চৌধুরী গঙ্গারামপুরের শহর তৃণমূলের এসসি-ওবিসি সেলের সভাপতি পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মদের আসরে চলা বিবাদকে কেন্দ্র করেই গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও আহতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে শিবা চৌধুরী নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাবু চৌধুরী ও তাঁর লোকেরা থানার সামনেই গাড়ি আটকে শিবা চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় শিবা চৌধুরীর পেটে গুলি লাগে। তবে কতগুলি গুলি লেগেছে, তা এখনও পরিষ্কার নয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় বাবু চৌধুরীর পাশাপাশি আরও বেশ কয়েকজনের নাম উঠেছে এসেছে। তাঁরাও ফেরার। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলতে চায়নি পুলিশ। আহতের পরিবার জানিয়েছে, তারা থানায় অভিযোগ দায়ের করবেন। এখনও অভিযোগ না পেলেও বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। তবে এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি জেলা পুলিশ প্রশাসন। এদিকে খবর পেয়ে বুধবার সকালে হাসপাতালে যান গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস। ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে গুলি চলেছে বলে বিজেপির অভিযোগ। তবে গোষ্ঠীকোন্দলের অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *