Congress Headquarter Vacant Notice: শনিবারের মধ্যে হেডকোয়ার্টার ফাঁকা করতে বলল কেন্দ্র, কী করবে কংগ্রেস? - 24 Ghanta Bangla News
Home

Congress Headquarter Vacant Notice: শনিবারের মধ্যে হেডকোয়ার্টার ফাঁকা করতে বলল কেন্দ্র, কী করবে কংগ্রেস?

Congress Headquarter Vacant Notice: শনিবারের মধ্যে হেডকোয়ার্টার ফাঁকা করতে বলল কেন্দ্র, কী করবে কংগ্রেস?

নয়া দিল্লি: শাসক-বিরোধী দলের নতুন দ্বন্দ্ব শুরু? কংগ্রেস (Congress) পার্টিকে ফাঁকা করতে বলা হল তাদের সদর দফতর। রাজধানী দিল্লির বুকে দুটি গুরুত্বপূর্ণ স্থান- ২৪ আকবর রোড ও ৫ রাইসিনা রোডের পার্টি অফিস ফাঁকা করতে বলা হল। আগামী ২৮ মার্চের মধ্যে এই দুই অফিস ফাঁকা করতে বলা হয়েছে। 

কংগ্রেস সূত্রেই জানা গিয়েছে, দিন কয়েক আগে সরকারের তরফে এই নোটিস এসেছে। ২৪ আকবর রোড বাংলো, যা বিগত ৪৮ বছর ধরে কংগ্রেসের হেডকোয়ার্টার, তা ফাঁকা করতে বলা হয়েছে। পাশাপাশি কংগ্রেসের যুব শাখা, ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের অফিস- ৫ রাইসিনা রোডের অফিসও ফাঁকা করতে বলা হয়েছে। হাতে অত্যন্ত কম সময়। সরকারের নোটিস পেয়ে কংগ্রেস এবার আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করছে বলেই খবর সূত্রের। সরকারের কাছে অতিরিক্ত সময় চাইতে পারে। 

প্রসঙ্গত, গত বছর বিরোধী দল কংগ্রেস তাদের নতুন হেডকোয়ার্টার -ইন্দিরা ভবনের উদ্বোধন করে। এই অফিস কোটলা মার্গে অবস্থিত। দলনেত্রী সনিয়া গান্ধী সেই নতুন পার্টি হেডকোয়ার্টারের উদ্বোধন করলেও, আকবর রোডের সঙ্গে সংযোগ ছিন্ন হয়নি। এই অফিস ফাঁকা করা হয়নি।  দলীয় যাবতীয় কাজ এখনও আকবর রোডের এই ঠিকানাতেই হয়।

সূত্রের খবর, কংগ্রেস কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত কিছু সময় চাইতে পারে। আবার দলের কোনও প্রবীণ সদস্যকে রাজ্যসভায় এনে, তার নামে এই বাংলো বরাদ্দ করে, তা অফিস হিসাবে ব্যবহার করা হতে পারে- এমন চিন্তাভাবনাও করা হচ্ছে।

উল্লেখ্য, দিল্লির আকবর রোডের কংগ্রেস হেডকোয়ার্টারের সঙ্গে লম্বা ইতিহাস জড়িয়ে। ব্রিটিশ শাসনকালে এই বাংলোতে থাকতেন স্যর রেজিনাল্ড ম্যাক্সওয়েল। ১৯৬০-র দশকে ভারতে মায়ানমারের রাষ্ট্রদূত ডাও খিন কি তাঁর পরিবার নিয়ে থাকতেন। তাঁর মেয়ে আং সান সু কি, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, তিনিও এই আকবর রোডের বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছেন।

১৯৭০-র দশকের শেষভাগে, যখন ৭৭-র নির্বাচনে হারের পর দল বিভক্ত হয়ে যায়, তখন ইন্দিরা গান্ধীর শিবিরের কাজ করার জন্য একটা অফিসের দরকার ছিল। সেই সময় রাজ্যসভার সাংসদ জি ভেঙ্কটস্বামী আকবর রোডের বাংলো ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন। রাজীব গান্ধী থেকে শুরু করে পিভি নরসিমহা রাও, ডঃ মনমোহন সিংয়ের আমলে এই আকবর রোডই হেডকোয়ার্টার হিসাবে কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *