‘নেপো কিড নই যে ক্ষমতা থাকবে’, অশ্লীল গান বিতর্কে বিস্ফোরক নোরা ফাতেহি - 24 Ghanta Bangla News
Home

‘নেপো কিড নই যে ক্ষমতা থাকবে’, অশ্লীল গান বিতর্কে বিস্ফোরক নোরা ফাতেহি

Spread the love

‘নেপো কিড নই যে ক্ষমতা থাকবে’, অশ্লীল গান বিতর্কে বিস্ফোরক নোরা ফাতেহি

বলিউডের ‘দিলবার গার্ল’ নোরা ফাতেহি মানেই পর্দায় নতুন কিছু দেখার আশায় থাকেন ভক্তরা। তবে এবার প্রশংসা নয়, বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী। সঞ্জয় দত্তর সঙ্গে তাঁর নতুন গান ‘সরকে চুনার’ নিয়ে নেটপাড়ায় এখন ছিঃ ছিঃ রব। নেটিজেনদের অভিযোগ, গানের শব্দচয়ন অত্যন্ত কুরুচিকর ও অশ্লীল। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন নোরা। আর মুখ খুলেই একেবারে ইন্ডাস্ট্রির ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়ে তোপ দাগলেন তিনি। সাফ জানালেন, নেপো কিড নন বলেই তাঁর কথায় কেউ গুরুত্ব দেয়নি।

নোরার দাবি, এই গানটি তিনি আজ থেকে তিন বছর আগে শুট করেছিলেন। সেটি ছিল কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর জন্য। নোরা জানান, “আমি কন্নড় ভাষা বুঝি না। সে সময় নির্মাতারা আমাকে যা বুঝিয়েছিলেন, তাতে আপত্তিকর কিছু মনে হয়নি। আমি রাজি হয়েছিলাম কারণ এটি একটি বড় প্রজেক্ট ছিল এবং সঞ্জয় দত্তর মতো মহাতারকার সঙ্গে কাজ করতে কে না রাজি হন।” নোরার অভিযোগ, পরে যখন এই গানের হিন্দি ডাবিং করা হয়, তখন তাঁর অগোচরেই অত্যন্ত কুরুচিকর শব্দ ব্যবহার করা হয়েছে।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তায় নোরা দাবি করেছেন, গানের হিন্দি সংস্করণটি যখন লঞ্চ ইভেন্টে প্রথম শোনেন, তখনই তিনি প্রতিবাদ করেছিলেন। তাঁর কথায়, “হিন্দিটা আমি বুঝি। গানটা শুনেই আমি পরিচালককে বলেছিলাম যে এই লিরিক্স নিয়ে বড়সড় বিতর্ক হবে। আমি নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নিয়েছিলাম, এমনকি কোনও প্রচারও করিনি।” নোরা আরও যোগ করেন, তাঁর ইমেজ এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে তৈরি করা কেরিয়ার এই গানের জন্য ঝুঁকির মুখে পড়েছে।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ক্ষমতার লড়াই নিয়ে নোরার মন্তব্য। ইন্ডাস্ট্রির ভেতরের বৈষম্য টেনে এনে তিনি বলেন, “আমি কোনও নেপো কিড নই। আমাদের মতো আউটসাইডারদের হাতে সেই ক্ষমতা থাকে না যে নির্মাতাদের ওপর প্রভাব খাটাব। আমার কোনও ব্যাকআপ নেই, শুধু দর্শক আছে পাশে। বলিউডের অনেকে আমার মতামতকে গুরুত্ব দিলেও, সব ইন্ডাস্ট্রিতে তেমনটা হয় না। সেখানে শিল্পীর চেয়ে বাণিজ্যিক স্বার্থই বড় হয়ে দাঁড়ায়।”

কঙ্গনা রানাওয়াতের মতো তারকারাও এই গান নিয়ে তীব্র নিন্দা করেছেন। তবে নোরার এই স্পষ্ট স্বীকারোক্তি এবং নির্মাতাদের ওপর দায় ঠেলে দেওয়া এখন বি-টাউনের নতুন চর্চার বিষয়। শেষ পর্যন্ত বিতর্কের চাপে পড়ে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এখন নতুন লিরিক্স নিয়ে এই গান আবার মুক্তি পাবে কিনা সেই উত্তর সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *