Arabul Islam: ‘মনের দুঃখে’ দল ছাড়ছেন তৃণমূলের ‘তাজা নেতা’, ইচ্ছাপ্রকাশ ISF যোগদানের! ভাঙড়ে বড় বদল? - 24 Ghanta Bangla News
Home

Arabul Islam: ‘মনের দুঃখে’ দল ছাড়ছেন তৃণমূলের ‘তাজা নেতা’, ইচ্ছাপ্রকাশ ISF যোগদানের! ভাঙড়ে বড় বদল?

Spread the love

Arabul Islam: ‘মনের দুঃখে’ দল ছাড়ছেন তৃণমূলের ‘তাজা নেতা’, ইচ্ছাপ্রকাশ ISF যোগদানের! ভাঙড়ে বড় বদল?

ভাঙড়: কষ্টের জায়গা একটাই, দল তাঁকে বুঝল না! এই বলেই তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের। সোমবার তিনি সাফ জানিয়ে দিলেন, “আরাবুল ইসলামকে তাঁরা বুঝল না। পাঁচ বার কেস খেয়েছি, তিনবার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজ তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছি।” যদিও মুখে ইস্তফার কথা বললেও, আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত তেমন কোনও খবর পাওয়া যায়নি।

ভোটের আগে তৃণমূলের অন্দরে ‘অভিমানী নেতার’ নজির কম নেই। সর্বোপরি সাসপেন্ড ও বহিষ্কারের জেরে গত কয়েকবছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে আরাবুলের। এককালে ভাঙড়ে দাপিয়ে বেরিয়েছেন তিনি। সূত্রের খবর, এবার সেই ভাঙড় থেকে আইএসএফ-কে সরাতে শওকত মোল্লাকে তুলে ধরতে পারে তৃণমূল। যদিও দলীয় তরফে এই বিষয়ে সিলমোহর দেওয়া হয়নি।

কিন্তু শুধু সাসপেন্ড-বহিষ্কার কি আসল কারণ? সূত্রের খবর, সাম্প্রতিককালে পরপর বিতর্কে জড়িয়ে তৃণমূলের অন্দরে গুরুত্ব হারিয়েছেন আরাবুল ইসলাম। এমনকি, শওকতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরেও অনেকটাই ব্যাকফুটে পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন বিধায়ক। এমনকি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শওকত গোষ্ঠী বনাম আরাবুল গোষ্ঠীর দ্বন্দ্ব আলাদাই মাত্রা নেয়। এরপরেই দলে ‘কোণঠাসা’ হতে শুরু করেন আরাবুল। অবশেষে ‘গুরুত্বহীন’ হয়ে একেবারে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত।

তবে ইস্তফা দিয়ে যাবেন কোথায়? বাংলার হাই-ভোল্টেজ ভোটের আগে তিনি কি অবসর গ্রহণের কথা ভাবছেন? রাজনীতির কারবারিরা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে না। সূত্রের খবর, আজই অর্থাৎ সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন আরাবুল। সব কিছু ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ISF-এ যোগ দেবেন তৃণমূলের এককালের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। যদিও এই নিয়ে তিনি এখনও মুখ খুলতে নারাজ। প্রাক্তন বিধায়কের কথায়, “এখন কিছু বলব না, পরিস্থিতি আসুক বলব। তবে একটা কথা বলতে পারি, দু-একদিনের মধ্যে যা হওয়ার হবে।”

এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তাঁর মতে, আরবুলকে ‘তৃণমূল ব্যবহার করে ফেলে দিয়েছে’। নওশাদ বললেন, “শাহজাহানের নাম এখন তৃণমূল আর নেয়? ওদের দলে এরকম অনেক রয়েছে। যাদের ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। তবে উনি আমার সঙ্গে যোগাযোগ করেননি। কিন্তু যাঁরা জেলা স্তরের নেতৃত্ব রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলেছেন। আইএসএফ-এ যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *