TMC: টিকিট পাবেন? বাইক মিছিল করে সোনারপুর দক্ষিণে ‘শক্তি’ বোঝালেন লাভলি - 24 Ghanta Bangla News
Home

TMC: টিকিট পাবেন? বাইক মিছিল করে সোনারপুর দক্ষিণে ‘শক্তি’ বোঝালেন লাভলি

Spread the love

TMC: টিকিট পাবেন? বাইক মিছিল করে সোনারপুর দক্ষিণে ‘শক্তি’ বোঝালেন লাভলি

সোনারপুর: সোনারপুর দক্ষিণে ফের কি তিনি টিকিট পাবেন? কয়েকদিন আগে তৃণমূলের দেওয়াল লিখনে প্রার্থী হিসেবে তাঁর নাম লেখা হয়েছিল। তা নিয়ে শোরগোল পড়তেই মুছে ফেলা হয় নাম। সোনারপুর দক্ষিণে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বারবার সামনে এসেছে। ফলে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে রবিবার নিজের বিধানসভা এলাকায় বাইক মিছিল করে ‘শক্তি’ বোঝালেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র।

রবিবার লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে শুরু হয় এই বাইক মিছিল। সেখান থেকে হরিণাভি, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া, তেমাথা হয়ে মকরামপুর পর্যন্ত মিছিল যায়। মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Sonarpur Dakshin Lovely Maitra
লাভলি মৈত্র

হঠাৎ করে এই বাইক মিছিল করে দলকে কি কোনও বার্তা দিতে চাইলেন লাভলি মৈত্র? একুশের বিধানসভা নির্বাচনে অভিনেত্রী লাভলি মৈত্রের নাম প্রার্থী হিসেবে তেমনভাবে আলোচনাতেই ছিল না। তবে তিনি টিকিট পান। পাঁচ বছর পর তাঁর টিকিট পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। দলেরই একাংশ তাঁর বিরোধিতা করছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে নিজেকে প্রমাণে মরিয়া হয়ে কি মাঠে নামলেন বিধায়ক?

প্রথমেই দলে গোষ্ঠীকোন্দলের অভিযোগ কার্যত উড়িয়ে বিধায়ক লাভলি জানালেন, তাঁর এই বাইক মিছিলে সবাই উপস্থিত হয়েছেন। বাইক মিছিল করার কারণ নিয়ে তাঁর যুক্তি, “দলের সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।” তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক বলেন, “কে টিকিট পাবেন, তা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। তবে যিনিই টিকিট পান না কেন, তিনি জিতবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *