Gas Crisis in Kolkata: কড়া মমতা, গ্যাসের কালোবাজারি রুখতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ - 24 Ghanta Bangla News
Home

Gas Crisis in Kolkata: কড়া মমতা, গ্যাসের কালোবাজারি রুখতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Spread the love

Gas Crisis in Kolkata: কড়া মমতা, গ্যাসের কালোবাজারি রুখতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

কলকাতা: আগেই দামের ছ্যাঁকায় হেঁসেলে আগুন। তারমধ্যেই সঙ্কটের মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। এরইমধ্যে নানা প্রান্ত থেকে আসছে কালোবাজারির অভিযোগ। একদিন আগেই কড়া পদক্ষেপের কথা শোনা গিয়েছিল নবান্ন থেকে। কালোবাজির কড়া কড়া বার্তা এসেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে। ২৪ ঘণ্টার নজরদারির জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। নির্দেশ গিয়েছে জেলাশাসকদের কাছে। ডোমেস্টিক পরিষেবা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় তা দেখার জন্যও এসেছে স্পষ্ট নির্দেশ। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য। এবার রাস্তয় নেমে পড়ল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 

এদিন সকাল থেকেই শহর কলকাতার নানা প্রান্তে যে সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটররা রয়েছেন সেখানে যাচ্ছেন। যাচ্ছেন ডিলার্স পয়েন্টগুলিতে। কথা বলছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে। কোনওরকম কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন। কর্মীদের স্পষ্ট বলা হচ্ছে কোনওভাবে কেউ যদি অতিরিক্ত সংখ্যাক রান্নার গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডার মজুত করার চেষ্টা করে, বেশি দামে বিক্রির চেষ্টা করে, সেই খবর এলে তাঁরা যেন দ্রুত তা ইবির কাছে পৌঁছে দেন। একইসঙ্গে সাধারণ মানুষ যেভাবে বুকিং করছেন সেখানেও কোনও গড়মিল হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন ইবির আধিকারিকরা। 

শুধু কলকাতা নয়, জেলাতেও এদিন দিনভর দেখা গেল একই ছবি। আজ চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ন নাথ চুঁচুড়া ব্যান্ডেল ডানলপের কয়েকটি গ্যাস অফিস ও গোডাউনে অভিযান চালান। সাবধান করে দেন ডিস্ট্রিবিউটারদের। সঙ্গে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ। মহকুমা শাসক বলেন, এখনও পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। বুকিং করার এক সপ্তাহের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে। কোনওরকম কালো বাজারির অভিযোগ এখনও পাইনি। পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *