CPM-ISF alliance: বিশ বাঁও জলে বাম-আইএসএফ জট? শেষবেলাতেও দুই ২৪ পরগনা নিয়ে অনড় নওশাদ - 24 Ghanta Bangla News
Home

CPM-ISF alliance: বিশ বাঁও জলে বাম-আইএসএফ জট? শেষবেলাতেও দুই ২৪ পরগনা নিয়ে অনড় নওশাদ

Spread the love

CPM-ISF alliance: বিশ বাঁও জলে বাম-আইএসএফ জট? শেষবেলাতেও দুই ২৪ পরগনা নিয়ে অনড় নওশাদ

কলকাতা: আসন্ন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে আর মাত্র কয়েক দিন বাকি। ভোটের দামামা বাজল বলে, অথচ এখনও পর্যন্ত বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে জোট, সমঝোতা কিছুই চূড়ান্ত হল না। টানাপোড়েনের জেরে জোটের ভবিষ্যৎ নিয়েই এখন রাজনৈতিক মহলে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এদিকে কংগ্রেসের সঙ্গে জোটটা যে হচ্ছে না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছে। শেষে জোটের শেষ প্রদীপ হয়ে জ্বলছিল আইএসএফ। বিগত কয়েক মাসে বাম নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকও হয় নওশাদের। বারবারই শোনা যাচ্ছিল আসন রফা নিয়েই নাকি দীর্ঘসূত্রিতা। কিন্তু জোটের পাকা খবর কখনওই সামনে আসেনি। 

সূত্রের খবর, জোট প্রক্রিয়ায় মূল বাধা হয়ে দাঁড়িয়েছে দুই ২৪ পরগনার আসন রফা। এই দুই জেলায় আসন সমঝোতার ক্ষেত্রে কোনও রকম আপস করতে নারাজ নওশাদ সিদ্দিকীর দল। বাম নেতৃত্বকে আইএসএফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, দুই ২৪ পরগনায় তারা যে আসনগুলি দাবি করেছে, তা থেকে তারা কোনও ভাবেই সরবে না।

জানা গিয়েছে, মূলত উত্তর ২৪ পরগনায় আসন সংখ্যা নিয়েই জোটে জট বেশি। এই জেলায় আইএসএফ এবার ৮টি আসনে লড়াই করতে চায়। কিন্তু বামেরা তাদের ৫টির বেশি আসন ছাড়তে নারাজ। এহেন পরিস্থিতিতে দুই শিবিরের মধ্যে দর কষাকষি চললেও, নিজেদের অবস্থান থেকে এক চুলও নরম হতে রাজি নন নওশাদ সিদ্দিকীরা।

শুধু উত্তর নয়, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বাম ও আইএসএফের আসন সমঝোতা ঠিক একই রকম জটিলতা দাঁড়িয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক মুখে আইএসএফের এই অনমনীয় মনোভাবের জেরে জোট প্রক্রিয়াই এখন কার্যত বিশ বাঁও জলে। এখন দেখার, শেষ মুহূর্তে কোনও রফাসূত্র বের হয়, নাকি একাই লড়াইয়ের ময়দানে নামে আইএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *