North 24 Parganas: উপরে খালি প্লাস্টিকের বোতল, রাজস্থানের যুবককে গাড়ি-সহ আটকাতেই ‘আসল খেলা’ শুরু – Bengali News | Marijuana recovered worth Rs 20 lakh in North 24 Parganas, one arrested
২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার হলImage Credit: TV9 Bangla
আমডাঙা: রাস্তায় গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। হঠাৎ একটি ইঞ্জিন ভ্যানকে থামায়। ইঞ্জিন ভ্যানে খালি প্লাস্টিকের বোতল ভরা। কী পাওয়া যাবে তাতে? কিন্তু, তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ পুলিশের। খালি প্লাস্টিকের বোতলের নিচ থেকে বেরোল বস্তা বস্তা গাঁজা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার আমডাঙার। ২০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে রাজস্থানের এক যুবককে।
গাঁজা পাচারের জন্য পাচারকারীদের বিভিন্ন ছকের কথা প্রায়ই শোনা যায়। এবার পাচারকারী যে ছক কষেছিল, তাতে থ পুলিশও। তবে অভিনব কায়দায় গাঁজা পাচারের এই ছক ভেস্তে দিল আমডাঙা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের উপর আমডাঙা পুরাতন রেজিস্ট্রি অফিসের কাছে তল্লাশি চালায় পুলিশ। একটি ইঞ্জিন ভ্যানকে আটকান অফিসাররা। ইঞ্জিন ভ্যানে কী রয়েছে, জানতে চাওয়ায় নির্বিকারভাবে চালক জানান, খালি প্লাস্টিকের বোতল রয়েছে। খালি চোখে অবশ্য তা-ই দেখা যাচ্ছি। গাড়িতে তল্লাশিতে কোনও আপত্তি নেই বলেও জানান চালক।
এরপর পুলিশকর্মীরা গাড়ি থেকে প্লাস্টিকের খালি বোতলগুলি নামান। তারপরই তাঁদের নজরে পড়ে নিচে একাধিক বস্তা রয়েছে। সেই বস্তাগুলির মধ্যেই ছিল গাঁজা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।
পুলিশ ইঞ্জিন ভ্যান চালককে গ্রেফতার করেছে। ধৃতে নাম শেখ ফরিদ (৪২)। তাঁর বাড়ি রাজস্থানে। পুলিশের অনুমান, শেখ ফরিদ ছাড়াও এই গাঁজা পাচার চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারেন। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের বাকিদের হদিশের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।