T20 World Cup : ঘরের মাঠে লজ্জার হার ফেভারিটদের, বড় জয় ইংল্যান্ডের! – Bengali News | England beats Sri Lanka by 51 runs in the first match of super eight
কলকাতা : ২০২৩ এশিয়া কাপ ফাইনাল মনে আছে ? এই কলম্বোতেই ভারতের সামনে মাত্র ৫০ রানে গুটিয়ে গিয়েছিলেন কুশল মেন্ডিসরা। ১০ উইকেটে জিতেছিল ভারত। আজকের শ্রীলঙ্কার ব্যাটিং দেখলে একসময়ের ৫০ রানে অল আউটের দুঃস্বপ্ন হয়ত ফিরতেই পারত শ্রীলঙ্কা ভক্তদের। হল না অধিনায়ক দাসুন শনাকার জন্য। ৫১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটের প্রথম ম্যাচেই অ্যাডভান্টেজ ইংল্যান্ড।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। এই বিশ্বকাপে টানা ফ্লপ জোস বাটলার। আর এক ওপেনার, প্রাক্তন নাইট ফিল সল্ট খেললেন ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস। এছাড়া কেউই সেভাবে রান পান নি। অধিনায়ক হ্যারি ব্রুক (১৪) থেকে উইল জ্যাক্স (২১), চলেন নি কেউই। দিলশান মধুশঙ্কা ও মহিশ থিক্শানা পেয়েছেন ২ উইকেট। ৩ উইকেট নিয়েছেন দুনিথ ওইল্লালাগে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হতাশা লঙ্কাদ্বীপে। ৯, ৬, ৪, ০ – শুনলে কোনও ওটিপি নম্বর মনে হতে পারে, কিন্তু আদপে এটি শ্রীলঙ্কার প্রথম চার জন ব্যাটারের রান। একসময় ৩৪ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার। সেখান থেকে কোনওরকমে চেষ্টা শুরু করেছিলেন অধিনায়ক। শেষে আদিল রশিদের বলে তিনি (২৪ বলে ৩০) আউট হতেই যাবতীয় বাঁধন ভেঙে পড়ে লঙ্কা বাহিনীর। শেষ অবধি ৯৫ রানে অল আউট হয়ে ৫১ রানে হার শ্রীলঙ্কার। মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন উইল জ্যাক্স। দুটি করে উইকেট আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদের।
শ্রীলঙ্কার পরবর্তী নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে। দুই দলই আগের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়ে রয়েছে। ফলত, চাপ শ্রীলঙ্কারই। এক ম্যাচ হারলেও এখন বিশ্বকাপ থেকে বিদায়ের সম্ভাবনা তৈরী হবে সহ-আয়োজকদের জন্য।