পহেলগাঁও হামলার বদলা ও ‘অপারেশন সিঁদুর’, বড় ধামাকা নিয়ে আসছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী? – Bengali News | Vivek agnihotri confirms big nationalistic project amid op sindoor film buzz
‘দ্য কাশ্মীর ফাইলস’ বা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর পর এবার কি তবে ভারতের কোনও সামরিক অভিযান রূপালি পর্দায় তুলে ধরতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী? বলিপাড়ায় জোর গুঞ্জন, টি-সিরিজের সঙ্গে হাত মিলিয়ে বিবেক তৈরি করতে চলেছেন ‘অপারেশন সিঁদুর’। যা মূলত ২০২৫ সালে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পাল্টা হিসেবে পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলোতে ভারতের প্রত্যাঘাতের কাহিনী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রজেক্ট নিয়ে মুখ খুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। যদিও ছবির নাম নিয়ে এখনই খোলসা করতে নারাজ তিনি। বিবেক অগ্নিহোত্রী বলেন, “আমি কোনও নির্দিষ্ট নাম এখনই প্রকাশ করছি না। তবে এটুকু বলছি যে, আমি একটি বড় মাপের ‘জাতীয়তাবাদী প্রজেক্ট’ (Nationalistic Project) নিয়ে কাজ করছি। এটি অত্যন্ত বড় এবং আকর্ষণীয় একটি বিষয় হতে চলেছে। সঠিক সময়েই আমি বিস্তারিত জানাব।”
সূত্রের খবর, ভূষণ কুমারের টি-সিরিজ এবং বিবেকের ‘আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন’-এর যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। ছবির প্রেক্ষাপট আবর্তিত হবে পহোলগাঁওয়ে নিরপরাধ সাধারণ মানুষ ও পর্যটকদের ওপর হওয়া সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ভারতের নেওয়া কঠোর সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) ভারতের টার্গেটেড হামলার সেই ‘কোডনেম’ ছিল ‘অপারেশন সিঁদুর’।
বিবেক অগ্নিহোত্রীর ছবি মানেই বাস্তব ঘটনার প্রেক্ষাপট আর বিতর্কের মিশেল। পহেলগাঁও ট্র্যাজেডির ক্ষত এবং তার প্রত্যুত্তরে ভারতীয় সেনার বীরত্বগাথা বড় পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই উন্মুখ হয়ে আছেন দর্শক। তবে পরিচালকের নীরবতা এবং ‘বিগ ন্যাশনালিস্টিক প্রজেক্ট’-এর তকমা এই জল্পনার আগুনে আরও ঘি ঢালল। এখন দেখার, বিবেক কবে এই মেগা প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করেন এবং ‘অপারেশন সিঁদুর’-এর রোমহর্ষক কাহিনী সেলুলয়েডে কতটা জীবন্ত হয়ে ওঠে।