‘পাপ চাপা দিতেই অগ্রিম জামিন…’, হিরণকে নিয়ে বিস্ফোরক অনিন্দিতা – Bengali News | Anindita Chatterjee talks about Hiran Chatterjee’s latest step
অভিনেতা বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে নিয়ে শোরগোল পড়েছিল নেট মাধ্যমে। তা নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি অভিনেতা বিধায়ক। অন্যদিকে তাঁর বর্তমান স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা থেকে বুধবার বড় স্বস্তি পেলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ হিরণের আগাম জামিন মঞ্জুর করল। আদালতে আগাম জামিন পাওয়ার পরও কোনও মন্তব্য করেননি বিজেপি বিধায়ক। তবে এই আগাম জামিনের প্রসঙ্গে তাঁর স্ত্রী অনিন্দিতা জানান, তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে মহামান্য আদালতের উপর। এরপর তিনি বলেন, “আমার একটাই কথা মনে হচ্ছে, অগ্রিম জামিনের কারা নেয়? কেউ পাপ করলে, সেই পাপকে চাপা দিতেই অগ্রিম জামিন নিতে হয়। যদিও মহামান্য আদালত বিষয়টিকে এত সহজভাবেও নেয়নি, বরং মাসে দুই বার এই কেসের আইওকে দেখা করে রিপোর্ট দিতে বলেছে। আর কয়েক জায়গায় দেখছি লেখা হচ্ছে দ্বিতীয় স্ত্রী, হিন্দু মতে দ্বিতীয়বার বিয়ের নিয়ম নেই। প্রাক্তন স্ত্রী হয় বা বর্তমান স্ত্রী হয়। তাই এই লেখাটা ঠিক নয়। ”
এই পুরো বিষয়ে কোনওভাবেই মুখ খোলেননি হিরণ্ময় চট্টোপাধ্যায়। কারণ তিনি বলেছেন তিনি পুরো বিষয়টিকে ব্যক্তিগত রাখতে চান। অনিন্দিতা চট্টোপাধ্যায় TV9 বাংলাকে আরও বলেন, “হিরণ্ময়ের বিয়ের খবর তাঁর সমাজ মাধ্যমের পাতা থেকেই সকলের মতো আমি জানতে পারি। তা হলে আর ব্যক্তিগত থাকল কোথায়? তিনি ব্যক্তিগত জীবনটা বাইরে করো দিয়েছেন। তিনি যে কথাটা বলছেন ওটা ওকে মানায় না, বরং আমাকে মানায়। আমি একজন সৎ ভারতীয় নারী হিসেবে এতদিন সব জেনেও আমার স্বামীর সম্মান, আমার সম্মান মেয়ের সম্মান বাঁচাতে চুপ ছিলাম। একটা কথাও কোনওদিন বাইরের কাউকে জানতে দিইনি। এখন মনে হচ্ছে আমি ভুল করেছি, পাপ করেছি। অনেক আগেই প্রতিবাদ করতে হতো। আরও একটা কথা হৃতিকা দেবীর প্রোফাইলে দেখা যায়, হিরণের সঙ্গে নানা ধরনের ব্যক্তিগত ছবি রয়েছে। আমারও হিরণকে প্রশ্ন থাকল, কোনটাকে ব্যক্তিগত আর কোনটাকে পাবলিক বলে গো? এই প্রশ্নের উত্তরটা আমি চাই!” আগামী দিনে কোন আইনি পথে চলবেন , সে কথা অনিন্দিতা পরে আবার জানাবেন, এমনই বললেন TV9 বাংলাকে।