West Bengal Coal Scam: কয়লা মামলায় লালা-ঘনিষ্ঠের খোঁজ! আরও দু’জনকে গ্রেফতার করল ইডি – Bengali News | ED Arrests Two Close Aides of Lala in Coal Smuggling Case, Probe Intensifies
প্রতীকী ছবিImage Credit: সংগৃহিত (Social Media)
কলকাতা: কয়লা পাচার মামলায় গ্রেফতার দুই। নতুন করে দায়ের করা মামলায় লালা ঘনিষ্টা দু’জনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হল চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ নামে দুই অভিযুক্তকে।
এই দুই অভিযুক্তের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অবধি জোগাড় করা সম্ভব হয়নি। ইডি সূত্রে খবর, দু’জনেই লালা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল। লালার মাধ্য়মে নিজেদের কয়লা-সাম্রাজ্য তৈরি করেছিল চিন্ময়-কিরণ। এবার সেই লালা-যোগের জেরেই গ্রেফতার তাঁরা। মঙ্গলবার চিন্ময় ও কিরণকে বিশেষ ইডি আদালতে পেশ করা হবে। সেখানে বিচারকের কাছে এই দুই অভিযুক্ত হেফাজতে নেওয়ার আর্জি জানাবেন ইডির আইনজীবী। তাতে অনুমতি মিললেই বাড়বে তদন্তকারীদের সাঁড়াশি চাপ।
বলে রাখা প্রয়োজন, একা লালা কিংবা তাঁর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত পাচারকারীরাই নয়। গতবছর কয়লা পাচারের ঘটনায় নতুন করে করা মামলায় প্রশাসনিক-লিঙ্ক খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। সোমবার চিন্ময়-কিরণ ছাড়াও, বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিনের দিন ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। গত সপ্তাহেই এই মামলায় পুলিশকর্তার বাড়িতে তল্লাশি চালায় ইডি।
উল্লেখ্য, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রাজ্য়ে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্য়ে আসতেই প্রথমে আয়কর দফতর, পরে সিবিআই এই নিয়ে তদন্তে নামে। সেই সূত্র ধরেই বেরিয়ে আসে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার নাম। এর আগে গরু পাচার মামলার অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। সেই লালাকেই পাওয়া গেল কয়লা মামলায়।