Kolkata: গড়িয়াহাটের দিকে যাচ্ছিল অটো, থামিয়ে সার্চ করতেই চোখ কপালে পুলিশের – Bengali News | Police recovered arms from auto on kolkata road
কলকাতা: শিয়ালদহ থেকে জীবনতলা, গত বছর শহরের উপকন্ঠে একের পর এক জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। তাই বলে একেবারের শহরের মাঝে সাধারণ অটো থেকে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেনি। অটো থামিয়ে তল্লাশি চালাতেই একের পর এক অস্ত্র উদ্ধার করল পুলিশ। উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সোমবার সন্ধ্যার ঘটনা।
ই এম বাইপাস থেকে গড়িয়াহাটের দিকে যাচ্ছিল অটো। সেই অটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একগুচ্ছ অস্ত্র। উদ্ধার হয় ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ ইস্তেয়াক। তিনি গয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তিনি একা নাকি, এই পুরো চক্রের পিছনে আরও কেউ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড থেকে অস্ত্র আসছে, এই খবর ছিল পুলিশের কাছে। সেইমতো অটোয় তল্লাশি চালানো হয়। শহরের রাস্তায় যে অটোতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন, সেই অটো থেকে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। জানা গিয়েছে, প্রথমে বাসে ক রে কলকাতায় আনা হয়, তারপর অটো করে গড়িয়াহাটে নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্র।
এই ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। বিজেপি দিলীপ ঘোষ বলেন, “বাংলায় অস্ত্রের কারখানা তৈরি হচ্ছে। বন্দুক জোলায় জেলায় পাওয়া যাচ্ছে। আসলে নির্বাচনকে রক্তাক্ত করার জন্য অস্ত্র জড় করা হচ্ছে সারা দেশ থেকে।” অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, রাজ্য পুলিশই অস্ত্র উদ্ধার করছে। উস্কানি দিচ্ছে বিজেপিই। তাঁর মতে, আসলে এ রাজ্যে অনেকেই চেষ্টা করবে অশান্তির আবহ তৈরি করার।