IPAC Case: এখনও অসুস্থ কপিল সিব্বল, হল না IPAC মামলার শুনানি - Bengali News | IPAC Case postponed on Tuesday as Kabil Sibal not well - 24 Ghanta Bangla News
Home

IPAC Case: এখনও অসুস্থ কপিল সিব্বল, হল না IPAC মামলার শুনানি – Bengali News | IPAC Case postponed on Tuesday as Kabil Sibal not well

Spread the love

নয়া দিল্লি: মঙ্গলবার সকাল থেকে নজর ছিল সুপ্রিম কোর্ট। আইপ্যাক অফিসে তল্লাশি সংক্রান্ত মামলায় কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কী দাবি জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তা নিয়ে চর্চা চলছিল। তবে শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি স্থগিত করার আবেদন জানান তাঁর জুনিয়র।

মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানির কথা ছিল। সেই বেঞ্চেই সিব্বলের অসুস্থতার কথা জানান আইনজীবী। যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত কারণে এই আর্জি জানানো হয়, তাই কোনও আপত্তি জানাননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানি করা যেতে পারে। ওইদিনই শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ।

গত ৮ জানুয়ারির ঘটনায় এই মামলা হয় শীর্ষ আদালতে। প্রতীক জৈনের বাড়ি ও তাঁর অফিস অর্থাৎ তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছিল ইডি, সেই সময় ভিতরে ঢুকে ফাইল নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি। গত সপ্তাহেও শুনানি হয়নি। সেই সময় অসুস্থ ছিলেন কপিল সিব্বল। এখনও সুস্থ হননি তিনি।

এভাবে বারবার মামলা স্থগিত হয়ে যাওয়ার বিষয়টি ভাল চোখে দেখছে না বিজেপি। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “অসুস্থতার ক্ষেত্রে বিরোধিতা করার কিছু নেই। তবে এই সময় শুনানি হলে হয়ত রাজ্য সরকারই অসুস্থ হয়ে পড়ত।” এদিকে, তৃণমূলের দাবি অযথা এমন বক্তব্য রাখছে বিজেপি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, অন্য কোনও কোর্টেও এদিন মামলা লড়ছেন না কপিল সিব্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *