T20 World Cup : ভরাডুবি থেকে ভারতকে বাঁচালেন অধিনায়ক সূর্য, জিতে কাপ অভিযান শুরু ভারতের! – Bengali News | Suryakumar and Siraj helped India to win their first match at Wankhede.
কলকাতা : দুই বছর আগে তাঁর হাতেই উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ, ২০২৬ এ তিনি, রোহিত শর্মা মাঠে এলেন দর্শক হিসেবে। পরবর্তী ওডিআই বিশ্বকাপে দলে থাকবেন কি না, সেই বিতর্কের মাঝেই আজ, শনিবার জয় শাহের সঙ্গে মাঠে ঢুকলেন তিনি। সঙ্গে সঙ্গে উচ্ছসিত ওয়াংখেড়ের গ্যালারি। ১৭ বছর পরে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া অধিনায়কের মুখে হাসি। টি-টোয়েন্টিতে এই মুহূর্তে এক নম্বর দল ভারত। সেদিন বার্বাডোজে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে ভারতকে ম্যাচে ফেরানো সূর্যকুমার আজ দলের অধিনায়ক। যিনি প্রায় একার দমেই সন্ধেবেলায় সূর্যোদয় ঘটালেন মুম্বইয়ে। ২৯ রানে জিতে কাপ অভিযান শুরু করল ভারত।
ভারতের স্কোর তখন ৮৬ রান। ডাগ আউটে ফিরেছেন ৬ জন ব্যাটার। প্রথম বলেই আউট দলের তারকা ওপেনার অভিষেক শর্মা। ক্যামেরার অভিমুখ কোচ গৌতমের দিকে। মাথা নিচু করে বসে আছেন তিনি। তাঁকে দেখে মনে হচ্ছিল না, তাঁর দলের পরিসংখ্যান ঈর্ষণীয়। শেষ ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৪৮টি ম্যাচেই জিতেছে ভারত। সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ বিধ্বস্ত করেছেন অভিষেক শর্মারা। সেঞ্চুরি করেছেন ঈশান কিষান। সিরিজে রান পেয়েছেন অধিনায়ক সূর্যও।
দ্বিপাক্ষিক আর বিশ্বকাপ যে এক নয়, হয়তো বুঝবে ভারতীয় দল। ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই তাল কাটল ভারতীয় টপ অর্ডারের। প্রথম বলেই আউট হন অভিষেক। শুরুটা ভাল করেছিলেন ঈশান কিষান। ২০ রানের মাথায় তিনি মিলিন্দ কুমারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতেই ছন্দপতন। একই ওভারে তিন উইকেট তুলে নেন শাডলি ফ্যান স্ক্যালকোয়েক। ঈশান ছাড়াও তাঁর শিকার হন রিঙ্কু সিং (৬), তিলক ভার্মা (২৫) এবং শিবম দুবে (০)। একসময় রীতিমত ধুঁকছিল ভারত। সেখান থেকেই নিজের ক্যারিশমা দেখানো শুরু করেন অধিনায়ক সূর্য। ১৫ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেছিলেন শুভম রঞ্জনে। শুভমের সেই ভুলেরই খেসারত দিল আমেরিকা। অর্ধশতরান তো করলেনই, সেই সঙ্গে দলকে পৌঁছে দিলেন একটি ভদ্রস্থ স্কোরে। তাঁর দাপুটে ব্যাটিংয়ের জোরেই ১৬০ এর গণ্ডি টপকাল ভারত। সূর্য নট আউট রইলেন ৮৪ রানে।
জবাবে শুরু থেকেই চাপে ছিল আমেরিকা। প্রথম ৪ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেন সৌরভরা। একসময় প্রত্যাঘাত করার চেষ্টা করেছিলেন মিলিন্দ কুমার। তবে ভাগ্য সহায় না থাকলে যা হয় ! যেভাবে তিনি আউট হলেন, তা মনে করায় আইপিএলে অমিত মিশ্রের দুর্ভাগ্যকে।
চোটের দরুণ সম্পূর্ণ বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন হর্ষিত রানা। তাঁর বদলে সুযোগ পেয়েছেন মহম্মদ সিরাজ। তিন উইকেট নিলেন তিনি। চার ওভার হাত ঘুরিয়ে ১টি উইকেট পেয়েছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার বরুণ চক্রবর্তী। ২টি উইকেট প্রাপ্তি হয়েছে অর্শদীপ সিংয়ের। শুভম রঞ্জনে এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি – দুজনের ব্যাট থেকেই এসেছে ৩৭ রানের ইনিংস। শেষের দিকে পরপর উইকেট হারায় আমেরিকা, যা ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় ভারতীয় দলকে।
এই বিশ্বকাপ নিয়ে বিতর্ক কম হয়নি। আগেই পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। যদিও সূর্যরা নিয়ম মেনেই কলম্বো গিয়ে প্রস্তুতি করবেন। তাঁদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, নামিবিয়ার বিরুদ্ধে। তার আগে এই জয় স্বস্তি দেবে সূর্য ব্রিগেডকে।