Udayan-Suvendu: ‘মোদীর ব্যাটা’ Vs ‘বাবা চোর’, বিধানসভায় বাবা নিয়ে নজিরবিহীন চুলোচুলি – Bengali News | TMC MLA Udayan Guha and leader of opposition of West Bengal assembly Suvendu Adhikari slams each others at assembly budget session
বিধানসভায় বিতর্কে জড়ালেন উদয়ন গুহ এবং শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
কলকাতা: তাঁদের দু’জনের বাবা-ই দীর্ঘদিন জনপ্রতিনিধি থেকেছেন। তাঁরা নিজেরাও জনপ্রতিনিধি। বর্তমানে একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অন্যজন বিধানসভার বিরোধী দলনেতা। আর সেই উদয়ন গুহ ও শুভেন্দু অধিকারী পরস্পরের বাবাকে টেনে দ্বন্দ্বে জড়ালেন বিধানসভায়। শুক্রবার উদয়ন ও শুভেন্দুর এই আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে উঠে বিধানসভার বাজেট অধিবেশন।
এদিন বাজেট বিতর্কের আলোচনায় বক্তৃতা করছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। ওড়িশা সরকার কীভাবে উন্নয়নের কাজ করছে, সেই উদাহরণ তিনি দিচ্ছিলেন। সেই সময় মন্ত্রী উদায়ন গুহ বলেন, “ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।” সেই কথা শুনে বিজেপির বেঞ্চ থেকে হই হই করে ওঠেন বিধায়করা।
এই সময় শুভেন্দু অধিকারী উদয়নের উদ্দেশে বলেন, “আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন।” একথা শুনে তৃণমূল বিধায়করা সরব হন। দুই পক্ষ হইচই শুরুর পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দু’পক্ষকেই থামিয়ে ফের বক্তৃতা শুরু করতে বলেন।
এরপর উদয়ন গুহ স্পিকারের অনুমতি নিয়ে বলেন, “আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন। ১৯ বছর মন্ত্রী ছিলেন। আমার বাবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমি কিছু সমালোচনা করেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিক, আমি আমার বাবাকে চোর বলেছি।” এরপরই উদয়ন গুহ বলেন, “আপনি তো শিশিরবাবুর ছেলে। কিন্তু নিজেকে বলেন মোদীর ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?”
উদয়ন গুহর এই মন্তব্যে বাজেটের অধিবেশনের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। দু’পক্ষই একে অপরের দিকে আঙুল তুলে স্লোগান দিতে থাকেন। তখন স্পিকার জানিয়ে দেন, এই ইস্যুতে কারও বক্তব্যই রেকর্ডে রাখা হচ্ছে না। কিন্তু বাবাকে নিয়ে এই টানাপড়েন বিধানসভায় নজিরবিহীন।