Sealdah: কামরা তখন যাত্রী ঠাসা, চলন্ত ট্রেনে দাউ দাউ করে লাগল আগুন, শিয়ালদহ লাইনের ট্রেনে ভয়ঙ্কর ঘটনা – Bengali News | Sealdah fire breaks out in moving train on sealdah south section
দক্ষিণ ২৪ পরগনা: ট্রেন সবেমাত্র প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। যাত্রীদের মধ্যে ট্রেনে ওঠার হুড়োহুড়ি। তখনই যাত্রীদের মধ্যে কয়েকজনের নজর পড়ে। ইঞ্জিনের কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন থেকে হুড়োহুড়ি করে ফের নামতে শুরু করেন। খবর যায় গার্ডের কাছে।
মঙ্গলবার দুপুরে আচমকা চলন্ত ট্রেনে আগুন। দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে।
জানা যাচ্ছে, শিয়ালদহ ডায়মন্ড হারবার ডাউন ট্রেনের ইঞ্জিন কামরা থেকে ধোঁয়ার আগুনের ফুলকি বের হতে দেখেন যাত্রীরা। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।
পরে ওই ট্রেনের যাত্রীদের জন্য অন্য প্ল্য়াটফর্ম থেকে ট্রেনের ব্যবস্থা করা হয়। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইঞ্জিনের কামরায় শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান রেল আধিকারিকদের। রেলের পক্ষ থেকে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এক যাত্রী বলেন, “আমি ট্রেনে উঠেই পড়েছিলাম। বাইরে দেখি চিৎকার। তখনও ট্রেন ছাড়েনি। প্রথমে বুঝতে পারিনি। এরপর মনে হল আগুন শব্দটা শুনলাম। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়ি।”