দুর্দান্ত ফর্মে স্মৃতিরা, শাপমুক্তির খোঁজে দিল্লি - Bengali News | Delhi is gonna face rcb after two years - 24 Ghanta Bangla News
Home

দুর্দান্ত ফর্মে স্মৃতিরা, শাপমুক্তির খোঁজে দিল্লি – Bengali News | Delhi is gonna face rcb after two years

Spread the love

কলকাতা : ২০২৩, ২০২৪, ২০২৫— এই নিয়ে টানা চারবার ডব্লিউপিএল ফাইনাল খেলতে চলেছে জেমাইমা রড্রিগেজ, শেফালি ভার্মাদের দিল্লি ক্যাপিটালস। কিন্তু খেতাব আসেনি। আর একটা ফাইনাল সামনে। এ বার কি ট্রফি আসবে? ৭ উইকেটে গুজরাটকে হারিয়ে ফাইনালে নিজেদের স্থান পাকা করে নিয়েছে দিল্লি। অন্য দিকে প্রায় এক সপ্তাহ আগেই ফাইনালে উঠে গিয়েছে স্মৃতি মান্ধানাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামিকাল ভদোদরার বিসিএ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে যুযুধান প্রতিপক্ষ।

এর আগের তিন সিজনেই সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল জিন্দাল গোষ্ঠীর দল। এই প্রথম এলিমিনেটর জিতে ফাইনালে যাওয়ার সুযোগ পেল তারা। এই টুর্নামেন্টের শুরু থেকেই দিল্লিকে যোগ্য সঙ্গত করেছে তাদের বোলারেরা। ২১ বছরের শ্রী চরণী এবং ২৪ বছরের নন্দিনী শর্মা রয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় ও পঞ্চম স্থানে। ভালো ফর্মে রয়েছেন লরা উলফার্ট, শেফালি ভার্মা ও জেমাইমা রদ্রিগেজ। বোলিংয়ে রয়েছেন এলেনা কিং, লুসি হ্যামিল্টন প্রমুখ। অন্য দিকে আরসিবির নিজেদের শেষ ম্যাচ খেলেছে প্রায় এক সপ্তাহ আগে। একটু হলেও চাপে থাকতে পারেন স্মৃতিরা। ব্যাটিংয়ে অধিনায়ক স্মৃতির সঙ্গেও থাকছেন বাংলার সোনার মেয়ে রিচা ঘোষ। রয়েছেন নাদিন ডি ক্লার্কও, যিনি একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

ডব্লিউপিএলে এর আগে মোট ৪ সিজন মিলিয়ে ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৬ বার জিতেছেন শেফালির। মাত্র ৩ বার জয় জুটেছে আরসিবির ভাগ্যে। এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই দল। এর আগে ২০২৪ সালে ফাইনাল খেলেছিল দিল্লি ও আরসিবি। সেই ম্যাচে দিল্লিকে ৮ উইকেটে পরাস্ত করে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পায় বেঙ্গালুরু।

এই ফাইনাল নিয়েই আশায় বুক বাঁধছেন আরসিবি সমর্থকেরা। টানা ১৭ বছর ক্রমাগত ব্যর্থতার পর অবশেষে গতবছর আইপিএল জিতেছেন বিরাট কোহলিরা। তার মধ্যেই দ্বিতীয়বার ট্রফি জয়ের দোরগোড়ায় আরসিবির মহিলা দল। সেই দিক থেকে বলা যায়, সমর্থকদের কাছে এই জয় যেন একটি বৃত্ত সম্পূর্ণ হওয়ার সমান। তবে আরসিবি সমর্থকদের চোখের মণি হয়ে উঠেছেন ইংল্যান্ডের ২৪ বছর বয়সী ফাস্ট বোলার লরেন বেল। ইতিমধ্যেই ১২ উইকেট নিয়ে নিয়েছেন তিনি। বেলের ফর্ম, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি ঘিরে তাঁকে নিয়ে চর্চা হচ্ছে ভারতীয় ক্রিকেটমহলে।

একটা উল্লেখযোগ্য তথ্য হচ্ছে , এর আগে ২০০৯, ২০১১, ২০১৬ অর্থাৎ মোট তিনবার ফাইনাল খেলে চতুর্থতম ফাইনালে (২০২৫) প্রথমবার ট্রফিজয়ের স্বাদ পায় আরসিবির পুরুষ দল। সেই দিক থেকে দেখলে, এই একই অবস্থাটা এখন দিল্লির। বিপক্ষে, সেই আরসিবি। আশায় বুক বাঁধতেই পারেন জেমাইমারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *