Gargi Das Ghosh: মা ছিলেন বাম জমানায় মন্ত্রী, বিজেপির মন্ত্রিসভায় মেয়ে | Gargi Das Ghosh Becomes Minister in Bengal, Following Her Mother Chhaya Ghosh’s Political Legacy
কান্দি: বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। আর প্রথমবার জিতেই মন্ত্রিসভায় জায়গা পেলেন কান্দির বিজেপি বিধায়ক গার্গী দাস ঘোষ। নিজে প্রথমবার বিধায়ক ও মন্ত্রী হলেও বাড়িতে একসময় মাকে এই দুই দায়িত্বেই দেখেছেন গার্গী। তাঁর মা ছায়া ঘোষ বাম আমলে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। মন্ত্রীও ছিলেন।
ছাব্বিশের নির্বাচনে কান্দি থেকে ১০ হাজারের বেশি ভোটে জিতেছেন বছর ষাটের গার্গী। হারিয়েছেন তৃণমূলের অপূর্ব সরকারকে। এদিন লোকভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মন্ত্রী হিসেবে তিনি শপথ নেওয়ার পর কান্দিতে খুশির হাওয়া দেখা যায়। তাঁদের এলাকার বিধায়ক মন্ত্রী হওয়ায় আনন্দে মেতে ওঠেন কান্দির মানুষ।
এর আগে মা ছায়া ঘোষকে মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে দেখেছেন গার্গী। মুর্শিদাবাদ বিধানসভা আসন থেকে ১৯৭৭ সালে প্রথমবার ফরওয়ার্ড ব্লকের টিকিটে জিতেছিলেন ছায়া ঘোষ। এরপর ওই কেন্দ্র থেকে ১৯৮২, ১৯৯১ এবং ২০০১ সালে জেতেন। গার্গীর মা ছায়া প্রথমবার মন্ত্রী হন ১৯৯১ সালে। তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ১৯৯৬ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন। আবার বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কৃষি বিপণন মন্ত্রী ছিলেন তিনি। তবে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়। পোস্ত চাষ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ছায়া ঘোষকে সাসপেন্ড করে তাঁর দল ফরওয়ার্ড ব্লক। ২০০৬ সালের নির্বাচনে ছায়া ঘোষকে টিকিট দেয়নি ফরওয়ার্ড ব্লক। তখন তিনি জনবাদী ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি বয়সজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়।
নিজের মাকে মন্ত্রী ও বিধায়ক হিসেবে কাজ করতে দেখেছেন। নিজেকে জনগণের সেবায় উজাড় করে দিতে চান গার্গী। আর তিনি মন্ত্রী হওয়ায় এলাকার উন্নয়ন নিয়েও আশা বাড়ছে কান্দিবাসীর।