Madhyamik 2026: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, গাড়িতে প্রশ্নপত্র আর পুলিশ! পরীক্ষাকেন্দ্রের বাইরেই যা হল… – Bengali News | Car overturns while carrying question papers in accident in basanti
মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে বিভ্রাট! Image Credit: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। সকাল থেকেই রাজ্য জুজ়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে তোড়জোড়। সকালের দিকে পরীক্ষাকেন্দ্রগুলোকে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার তাড়া। বাসন্তী রাজ্য সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে এক মহিলা পুলিশ কর্মী-সহ দুই পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি। মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি।পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ল প্রশ্নপত্র নিয়ে যাওয়ার গাড়ি।
এই ঘটনায় দুই পুলিশকর্মী সহ আহত বেশ কয়েকজন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের আমঝাড়া বাজারের কাছে। জানা যাচ্ছে, বাসন্তী থানা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র প্রাইভেট গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। বাসন্তীর চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির সেন্টারে যাওয়ার পথে একটি টোটকে পাশ দিতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
গাড়ির মধ্যেই আটকে পড়েন দুই পুলিশ কর্মী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ।তাদেরকে দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। মহিলা পুলিশকর্মীর আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাস্তা ঢাল ছিল। টোটোটা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। টোটোর গতিবেগও বেশি ছিল। পিছন থেকে গাড়ির পাশে চলে আসে টোটোটি। টোটোকে পাশ দিতে গিয়েই গাড়ি উল্টে যায়। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়।”