Malbazar: অ্যাম্বুলেন্সে অন্তঃসত্ত্বা মহিলা, পিছন থেকে ধাক্কা ডাম্পারের! ক্ষোভে ফুঁসলেন বাসিন্দারা – Bengali News | Malbazar Pregnant woman in ambulance hit from behind by dumper!
দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সImage Credit source: TV9 Bangla
মালবাজার: অন্তঃসত্ত্বা মহিলা থাকা অ্যাম্বুলেন্সে ডাম্পারের ধাক্কা। ঘটনা ঘিরে উত্তেজনা মালবাজারের চালসায়। চোট পেয়েছেন অন্তঃসত্ত্বা, আহত ডাম্পার চালকও। মালবাজার মহকুমার চালসা এলাকায় সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। শালবাড়ি মোড় এলাকায় রাজ্য সরকারের ১০২ নম্বর টোল ফ্রি পরিষেবার একটি অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে বালি-পাথর বোঝাই অর্থাৎ বালি পাথর মিশ্রিত যাকে আরবিএম বলা হয়। সেই আরবিএম বোঝাই দ্রুতগতির একটি ডাম্পার।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। অ্যাম্বুলেন্সের ভিতরেই যন্ত্রণায় কাতরাতে থাকেন অন্তঃসত্ত্বা। তাঁকে দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় ডাম্পারের চালক নিজেও স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়ে যান এবং দীর্ঘক্ষণ গাড়ির ভিতরেই আটকে থাকেন। পরে মেটেলি থানার আইসি ও বিডিও-সহ বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, নদী থেকে বালি-পাথর উত্তোলন বন্ধ থাকার নির্দেশ থাকলেও রাতের অন্ধকারে এভাবে ডাম্পার ছুটছে কীভাবে? পুলিশের নজরদারি কোথায়? প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ডাম্পারটি অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচারের চেষ্টা করছিল এবং রাজস্ব ফাঁকি দিচ্ছিল।
উল্লেখযোগ্যভাবে, একই দিনে সকালে নাগরাঘাটায় অতিরিক্ত যাত্রী বোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়। মেটেলি ব্লক এলাকাতেও একইভাবে ট্রাফিক আইন অমান্য করে ডাম্পারের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ।