Union Budget 2026: কেন্দ্রীয় বাজেট নিয়ে বড় কথা বাংলার রাজ্যপালের, কী বললেন বোস? – Bengali News | West Bengal Governor CV Ananda Bose hails Union Budget 2026
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit: TV9 Bangla
কলকাতা: কেন্দ্রীয় বাজেটকে যখন নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এই বাজেট নিয়ে উচ্ছ্বসিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের চোখে এই বাজেট দেশের যুবসমাজ ও মহিলাদের জন্য। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেট পেশ করেছেন বলে মন্তব্য করলেন রাজ্যপাল বোস। একইসঙ্গে তাঁর বক্তব্য, এই বাজেটে লাভবান হবেন বাংলার মানুষ। কেন্দ্র-রাজ্য সহযোগিতার কথাও মনে করালেন তিনি।
নির্মলা সীতারমন বাজেট পেশ করার পর রাজ্যপাল বোস বলেন, ” ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিশ্ব অর্থনীতি এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। আর সেই সময় এই বাজেটে স্থায়িত্বের বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে বৃদ্ধি মাথায় রাখা হয়েছে। দীর্ঘমেয়াদি উন্নয়নে নজর দেওয়া হয়েছে।”
কেন্দ্রীয় বাজেটকে যখন ‘মিথ্যে কথার ফুলঝুরি’ বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন রাজ্যপাল বোস বললেন, বিভিন্ন ফ্রেট করিডর থেকে হাইস্পিড রেল করিডরের ঘোষণার ফলে শিল্পায়ন হবে। এবং কর্মসংস্থানও বাড়বে। তিনি বলেন, “বাজেটে নারী শক্তিতে জোর দেওয়া হয়েছে। এই বাজেট নারীদের জন্য, যুবকদের জন্য। ডিজিটাল পরিষেবা, স্টার্ট আপের উপরও জোর দেওয়া হয়েছে এই বাজেটে।”
কেন্দ্রীয় বাজেটে ‘বাংলাকে কিছু দেয়নি’ বলে যখন আক্রমণ শানিয়েছেন মমতা, তখন রাজ্যপাল বলছেন, বাজেটে বাংলার জন্য অনেক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে বাংলায় আরও হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হবে।” রাজ্যপাল আরও বলেন, “বাজেটে শিল্প, এমএসএমই, স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া হয়েছে। যা বাংলার যুবকদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের গত কয়েকবছর ধরে নানা ইস্যুতে নানাপোড়েন চলছে। তা নিয়ে কার্যত খোঁচা দিয়ে রাজ্যপাল বলেন, “এই বাজেটে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। এই বাজেটে বাংলা নানাভাবে লাভবান হবে। আমাদের নিশ্চিত করতে হবে এই বাজেটে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রকৃত লাভ যেন প্রত্যেক বাঙালি পান।”