Actress arrested: পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গয়না চুরি, গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী - Bengali News | Actress Rupa Dutta arrested in connection with theft case in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Actress arrested: পোস্তায় মহিলার ব্যাগ থেকে সোনার গয়না চুরি, গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী – Bengali News | Actress Rupa Dutta arrested in connection with theft case in Kolkata

Spread the love

কলকাতা: তিনি অভিনেত্রী। সাড়ে ৩ বছর আগে কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। রূপা দত্ত নামে ওই টেলিভিশন অভিনেত্রীকে ফের গ্রেফতার করল পুলিশ। পোস্তায় একটি চুরির ঘটনায় তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর পোস্তা থানার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ চার হাজার টাকা চুরি যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। তারপর রূপা দত্তকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

টেলিভিশন এই অভিনেত্রীকে ২০২২ সালে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা বইমেলায় রূপা দত্ত একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে পালিয়ে যাচ্ছিলেন। তা দেখেন এক পুলিশকর্মী। সন্দেহ হওয়ায় ওই পুলিশকর্মী আটকান রূপা দত্তকে। কেন তিনি মানিব্যাগ ফেলে চলে যাচ্ছেন, অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়। তিনি সদুত্তর দিতে পারেননি। তারপর তাঁর ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে নগদ ৭৫ হাজার টাকা পাওয়া যায়। একাধিক মানিব্যাগও ছিল। পকেটমারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

জয় মা বৈষ্ণোদেবী নামে একটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের জন্য পরিচিত তিনি। বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন। ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘অশ্লীল বার্তা’ পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন রূপা দত্ত। সোশ্যাল মিডিয়ায় ‘অনুরাগ কাশ্যপ’-র সঙ্গে হওয়া কথাবার্তার ছবি পোস্ট করেছিলেন। পরে অবশ্য জানা যায়, অনুরাগ কাশ্যপ বলে যিনি তাঁকে বার্তা পাঠিয়েছিলেন, তিনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *