সুবিচারের বিক্ষোভ দেখালে তদন্ত বন্ধ থাকবে, হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
এরাজ্যের সরকার ও প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চরম প্রতিহিংসা পরায়নতার অভিযোগ করে আসছে বিরোধীরা। এবার জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে মারায় একই অভিযোগ করলেন গ্রামবাসীদের একাংশ। তাদের দাবি, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখালে হাত গুটিয়ে বসে থাকবে বলে হুমকি দিয়ে গিয়েছেন বকুলতলা থানার পুলিশ।
রবিবার মদ্যপান ও গালাগালি দেওয়ার প্রতিবাদ করায় জয়নগরের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সায়েম খান নামে এক যুবককে পিটিয়ে মারে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ১৩ জনে নামে অভিযোগ দায়ের হলেও মাত্র ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বুধবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ওসির নেতৃত্বে পৌঁছয় বকুলতলা থানার পুলিশ। এক বিক্ষোভকারী বলেন, ‘বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে বলে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে। তাই আমরা বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বলেছে বিক্ষোভ দেখালে পুলিশ এই ঘটনার তদন্তে আর কোনও পদক্ষেপ করবে না।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় প্রায় ৫০ জন দুষ্কৃতী সায়েম খানকে পিটিয়ে মারে। পরিবারের তরফে সুনির্দিষ্টভাবে ১১ জনের বিরুদ্ধে FIR করা হলেও মাত্র ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে দুষ্কৃতীরা তাদের লাগাতার হুমকি দিয়ে চলেছে। বলছে, একটা করে মারলে ২ জনকে গ্রেফতার করবে।