Chandannagar: পুজোর আবহে চন্দননগরে ভয়ঙ্কর ঘটনা, রক্তে ভাসল রাস্তা - Bengali News | Woman dies in tragic road accident while visiting Thakur in Chandannagar - 24 Ghanta Bangla News
Home

Chandannagar: পুজোর আবহে চন্দননগরে ভয়ঙ্কর ঘটনা, রক্তে ভাসল রাস্তা – Bengali News | Woman dies in tragic road accident while visiting Thakur in Chandannagar

পুজোর আবহে শোকের ছায়া Image Credit: TV 9 Bangla

চন্দননগর: একদিন আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ৭০ ফুটের মণ্ডপ। এবার সেই চন্দননগরেই ঠাকুর দেখতে গিয়ে ঘটে গেল মৃত্যুর ঘটনা। অষ্টমীর সকালে চুঁচুড়া মতিঝিলের বাসিন্দা তরুন কান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাইকের পিছনে বসেছিলেন শিবানী দেবী। কলুপুকুর পুজো মণ্ডপের সামনে তাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। তখনই রাস্তাতেই পড়ে যান শিবানী। তাঁর উপর দিয়েই চলে যায় লরি। দেখা মাত্রই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে অঘটন। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুুলিশ। আটক করা হয় ঘাতক লরি ও চালককে। আসে শববাহী গাড়ি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিবানী দেবীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে পুজোর আবহে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে পুজোর সময় চন্দননগরে ভিড়ের কথা মাথায় রেখে ভারী যান চলাচলে থাকে নিষেধাজ্ঞা। কিন্তু পুজো কমিটির গাড়িগুলি চলাচল করে। এদিনের দুর্ঘটনায় ঘাতক লরিটি মানকুন্ডুর একটি পুজো কমিটির বলে জানা যাচ্ছে। 

এ ঘটনায় স্বভাবতই শোকের ছায়া এলাকায়। পুজো কমিটির এক সদস্য বলছেন, “মণ্ডপের ভিতরে ঢাক বাজছিল। চিৎকার-চেঁচামেঁচি শুনে বাইরে বেরিয়ে দেখি দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমরা সাহায্য করতে দৌড়াই। প্রৌঢ় দম্পতির বড় মেয়ে জামাই বেঙ্গালুরুতে থাকেন। তাঁদের ফোনে খবর দেওয়া হয়েছে।” স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ মাহাতো বলছেন, “মানকুন্ডুর আদি পালপাড়ার লরি যাচ্ছিল। সেটিই ধাক্কা মারে। পুলিশের সঙ্গে কথা হয়েছে। লরির চালক যাতে ছাড়া না পায় সেটা দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *