Rakesh Singh BJP: ঘাত-প্রত্যাঘাত! বাবা ও দাদা গ্রেফতার হতেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের রাকেশ-কন্যার – Bengali News | Rakesh Singh’s Daughter Files Counter Complaint Alleging Molestation; Arrested by Police
বিজেপি নেতা রাকেশ সিং
Image Credit: নিজস্ব চিত্র
কলকাতা: শ্লীলতাহানির অভিযোগ দায়ের করল রাকেশ সিংয়ের মেয়ে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কসবা-কাণ্ডে রাকেশ ও তাঁর পুত্রের বিরুদ্ধে অভিযোগকারী জিম মালিকের ছেলেকে। ঘটনার সূত্রপাত সোমবার। কসবার একটি বহুতলের ফ্ল্যাট জবরদখলকে কেন্দ্র করে তৈরি হল উত্তেজনা। আবার শিরোনামে বিজেপি নেতা রাকেশ সিং।
সম্প্রতি প্রদেশ কংগ্রেসের দফতরে ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কয়েকদিন ধরে পলাতক থাকার পর পুলিশের জালে পা দিয়েছিলেন তিনি। এবার সেই মামলায় জামিন পেতেই তাঁর বিরুদ্ধে উঠল আরও একটি অভিযোগ। একটি ফ্ল্যাটের দখল ও মারধরের অভিযোগে সোমবার রাতে বিজেপি নেতা ও তাঁর পুত্রকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। আটক করা হয়েছে নাবালিকা মেয়েকে।
কী অভিযোগ?
সূত্রের খবর, কসবায় একটি বহুতলে ফ্ল্যাট রয়েছে রাকেশ সিংয়ের। সেই বহুতলেরই আরও একটি খালি ফ্ল্যাট দিনের পর দিন জবরদখল করে রেখে দিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ। সোমবার সেই ফ্ল্যাটের মালিক কয়েকজন শ্রমিক নিয়ে গিয়ে সেখানে জিমখানা তৈরির জিনিসপত্র ঢোকাতে গেলে রাকেশ সিং দলবল নিয়ে হামলা চালায় বলেই জানিয়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এই ঘটনায় জখম হন ওই ফ্লোরের মালিক চন্দু খাঁ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত হন তাঁর ছেলে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একা রাকেশ নন, সোমবার বাবার সঙ্গে চড়াও হয়েছিলেন তাঁর পুত্রও, অভিযোগ আক্রান্ত ওই ফ্ল্যাট মালিকের। ইতিমধ্য়েই রাকেশ ও তাঁর পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে রাকেশের কন্য়াকে। তারপরই তাঁদের তরফে দায়ের হয়েছে পাল্টা অভিযোগ।
ঘাত-প্রত্যাঘাত
রাকেশ সিংয়ের নাবালিকা মেয়ে কসবা থানাতেই ওই ফ্ল্যাট মালিকের ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে বলেই খবর। সেই অভিযোগের ভিত্তিতেই এবার আক্রান্ত চন্দু খাঁয়ের ছেলেকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। মঙ্গলবার এঁদের প্রত্যেককেই আদালতে তোলা হবে বলে জানিয়েছে কসবা থানা। সূত্রের খবর, সোমবারের এই উত্তেজনার ঘটনায় রাকেশ সিংয়ের নাবালিকা মেয়েরও কোনও ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।