TMC News: ‘কুরবান শাহ হয়ে যেতে পারি’, দলেরই লোকের হাতে ‘মার্ডার’ হওয়ার আতঙ্কে TMC নেতা – Bengali News | TMC leader fears being murdered by party men in Purba Medinipur
এই তৃণমূল নেতা খুন হতে পারেন?Image Credit: Tv9 Bangla
পূর্ব মেদিনীপুর: দলের একাংশের বিরুদ্ধে খুন হওয়ার আশঙ্কা তৃণমূল নেতার। বিগত বেশ কয়েকদিন ধরেই দলের একাংশের বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথি মাইতি। তাঁকেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে। আর এই নিয়েই ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে এই পার্থসারথি কানধরে ওঠবোস করেছিলেন। তার সেই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজনৈতিক মহল। সেই সময় তাঁর বক্তব্য ছিল, নিয়োগ দুর্নীতিতে যাঁরা টাকা নিয়েছেন তাঁদের হয়ে তিনি ক্ষমা চাইছেন। পার্থ বলেন, “আমাদের যে নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না, তাদের জন্য আমি ওঠবোস করে ক্ষমা চাইছি। তাঁদের জন্যই শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন।”
ইতিমধ্যেই রাজ্য সভাপতি সায়নী ঘোষ সহ জেলা পুলিশ সুপার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে ই-মেলে এ জানিয়েছেন তিনি। পার্থসারথি বলেন, “এই জেলা সভাপতি যে ভাষায় কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি সমাজবিরোধী। বলছেন তোকে দেখে নেব, তুই বাইরে বের হ, তোকে খুন করে দেব। আমি ওঁকে পরবর্তী সময়ে আপনি কাকে খুনের হুমকি দিচ্ছেন? যদিও তিনি কোনও উত্তর দেননি। উনি অস্বীকার করবেন যে তিনি কিছুই বলেননি। তাই আমি দুটি দাবি রেখেছি। আমি আতঙ্কিত। আমি নতুন করে কুরাবান শাহ হতে চাই না। গত ২০১৯ সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল। তাঁর মতো দ্বিতীয় কুরবান শা হয়ে যেতে পারি।” একই সঙ্গে এমনও জানান যে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছেন। তাই আপাতত তিনি দল ছাড়ছেন না।
যদিও পুরো ব্যাপার নিয়ে কটাক্ষ বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, কাক কাকের মাংস খায় না। এতদিন তৃণমূল বিজেপি কর্মীদের খুন করেছেন,এবার নিজের দলের লোকদের খুনের হুমকি দিচ্ছে। চোরদের সঙ্গে থাকছেন কেন?সেই নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের তরফে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি সাফ বলে এই বিষয়ে যা বলবে রাজ্য নেতৃত্ব।