WBCUPA: পরনে ‘অভিষেক সেনা’ লেখা টিশার্ট, উত্তরবঙ্গে ত্রাণ বিলি ওয়েবকুপার, কীভাবে সম্ভব? – Bengali News | Wbcupa Wearing a T shirt with ‘Abhishek Sena’ written on it, Web Cooper distributes relief in North Bengal, how is that possible?
উত্তরবঙ্গে ত্রাণ বিলি ওয়েবকুপারImage Credit: TV9 Bangla
পরনে কালো টি শার্ট, তাতে লেখা ‘অভিষেক সেনা’। উত্তরবঙ্গের দুর্গতদের এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। ত্রাণ বিলি করছেন। নেতৃত্বে ওয়েবকুপার তৎকালীন নেতা মনিশঙ্কর শঙ্কর। তাঁর একটি ফেসবুক লাইভ সামনে এসেছে। তাতে মনিশঙ্করকে বলতে শোনা যাচ্ছে, “আমরা আপনাদের কাছে এসেছি, পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সংগঠন রয়েছে, ওয়েবকুপার তরফে। আমরা মাননীয়া নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছি। আমরা তাঁরই সৈনিক।”
কিন্তু এখানেই দানা বেঁধেছে বিতর্ক। কারণ অতি সম্প্রতি ওয়েবকুপা সংগঠনটাই ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রাক্তন ওয়েবকুপার নেতৃত্বের সংঘাতের ফলে ভেঙে যায় সংগঠন।
গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েবকুপার সভাপতি করা হয়েছিল ব্রাত্যকে। তারপর ধীরে ধীরে ওয়েবকুপায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওয়েবকুপার প্রাক্তন সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডলকে ওয়েবকুপা থেকে বহিষ্কার করা হয়।
সেইসময় মণিশঙ্কর মণ্ডল বলেছিলেন, “গেম চেঞ্জার দাদা আখ্যায়িত করে গোটা কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিলাম। সেই নিয়ে ব্রাত্য বসু আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন।” এরপরই দেখা যায়, ওয়েবকুপা থেকে পদ যায় মনিশঙ্করের। পরে দল সংগঠনটাই ভেঙে দেয়। যদিও ওয়েবকুপার সংগঠন ভাঙা নিয়ে সে সময়ে আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তা নিয়েও কম বিতর্ক হয়নি।
প্রশ্ন উঠছে, যেখানে ওয়েবকুপা সংগঠনটাই নেই, তাহলে তার নাম নিয়ে কীভাবে ত্রাণ বিলি করছেন ‘অভিষেক সেনারা’। যদিও তা নিয়ে আর মনিশঙ্কদের তরফে আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।