Former TMC MLA: তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি, নিরাপত্তা নিয়ে তোপ ছেলের – Bengali News | Theft in house of former TMC MLA in North 24 Parganas
কী বলছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে?Image Credit: TV9 Bangla
ঠাকুরনগর: তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর বাড়িতে হল চুরি। চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। গাইঘাটার প্রাক্তন বিধায়ক পুলিনবিহারী রায়ের ঠাকুরনগরের বাড়িতে একাধিক তালা ভেঙে নগদ টাকা-সহ সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে।
২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গাইঘাটায় তৃণমূলের বিধায়ক ছিলেন পুলিনবিহারী রায়। গত ৩ অক্টোবর অসুস্থ হয়ে পড়ায় প্রাক্তন তৃণমূল এই বিধায়ককে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তালাবন্ধ ছিল বাড়ি। বাড়িতে ছিলেন না কেউ। সেই সুযোগ নিয়ে গতকাল রাতে বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে চোর। ঘরের মধ্যে একাধিক আলমারির তালা ভাঙে। আলমারিতে থাকা নগদ টাকা ও কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয়।
পরিবারের দাবি, সকালে তাঁরা আত্মীয়স্বজনের কাছ থেকে চুরির খবর পান। বাড়িতে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভাঙা। উলটপালট করা রয়েছে জামাকাপড়। পুলিনবিহারীর ছেলে দেবাঞ্জন রায় বলেন, “প্রথমে গ্রিল ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছে। তারপর একাধিক রুমের দরজা ভেঙেছে। নগদ আনুমানিক ২ লক্ষ টাকার মতো চুরি গিয়েছে। সামান্য কিছু সোনার গয়না ছিল, সেগুলিও চুরি গিয়েছে।”
ঠাকরনগরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। বলেন, “একদম নিরাপত্তা নেই। আগে এরকম ছিল না। গত ৬ মাসে একাধিক বাড়িতে চুরি হয়েছে। কয়েকদিন আগে একজনের বাড়িতে চুরির সময় তিনি চলে এসেছিলেন। তাঁকে ছুরি দেখিয়ে দুষ্কৃতীরা পালায়। আমার মনে হচ্ছে, ঠাকুরনগরে এখন থাকাটাই অসুবিধার হয়ে যাচ্ছে। বিশেষ করে বয়স্কদের জন্য।” খবর পেয়ে পুলিনবিহারীর বাড়িতে আসে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।