Reserve Bank Of India: ছেঁড়া বা ফাটা নোট কেউ নিচ্ছে না? সেই নোট নিয়ে কী বলছে RBI? – Bengali News | Reserve Bank Of India: No one is accepting torn or cracked notes? What is RBI saying about those notes?
কেনাকাটা করতে গিয়ে বা বাসে, ট্রেনে চাপতে গিয়ে প্রায়শই আমাদের হাতে আসে ছেঁড়া, ফাটা নোট। হয়তো ১০ টাকা বা ২০ টাকার। আর অনেক ক্ষেত্রে বাসে বা দোকানে সেই নোটগুলো নিতেও চায় না। তখন মনে হয়, এই নোটগুলো আমাদের আর কোন কাজে লাগবে? কোনও ভাবেই কি এই নোটগুলো চলবে না? কিন্তু এই ধরণের নোট ব্যবহার নিয়ে একটি স্পষ্ট নির্দেশিকা কিন্তু দিয়ে রেখেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। যা সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করে। ছেঁড়া বা ফাটা সেই সব নোট কীভাবে বদলানো যায়, জানেন কি?
কোন ধরণের নোট বদলানো যায়?
রিজার্ভ ব্যাঙ্ক এই ধরণের খারাপ বা ছেঁড়া-ফাটা নোটগুলিকে কয়েকটি ভাগে ভাগ করেছে। আর ধরণ অনুযায়ী সেই নোট বদলানোর আলাদা আলাদা নিয়মও রয়েছে।
নোংরা নোট: যে নোটগুলি অতিরিক্ত ব্যবহারের কারণে বিবর্ণ হয়ে গিয়েছে বা নোংরা হয়ে গিয়েছে সেগুলোকে এই ভাগে রাখা হয়। যদিও এই ধরনের নোটগুলোর কোনও অংশই ছেঁড়া নয় বা এর কোনও গুরুত্বপূর্ণ অংশ নেই, এমনটা নয়।
ছেঁড়া বা কাটা নোট: যে সব নোটগুলির একটি বড় অংশ কেটে বা ছিঁড়ে গিয়েছে। বা যে সব নোটের দুটো বা তার বেশি টুকরো হয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ অংশ অনুপস্থিত নোট: কিছু নোট এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয় যাতে সেই নোটে থাকা মহাত্মা গান্ধী প্রতিকৃতি, অশোক স্তম্ভ বা অন্য কোনও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা নোটের সুরক্ষা হিসাবে কাজ করে, তা নষ্ট হয়ে যায়।
পোড়া বা ভঙ্গুর নোট: যদি কোনও নোট আগুন বা অন্য কোনও কারণে মারাত্মকভাবে পুড়ে যায় বা কোনও কারণ বশত ভঙ্গুর হয়ে যায়, সেই সব নোটকে এই ভাগে রাখা হয়।
ছেঁড়া নোটে কত টাকা ফেরত পাবেন?
ছেঁড়া নোটের ক্ষেত্রে আপনি কতটা টাকা ফেরত পাবেন, তা নির্ভর করে নোটটির আকার ও কতটা অংশ আপনার কাছে রয়েছে তার উপর।
সম্পূর্ণ মূল্য: নোংরা নোট এবং সামান্য ক্ষতিগ্রস্ত নোটের ক্ষেত্রে আপনি ব্যাঙ্কের কাউন্টারে সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন।
আংশিক মূল্য: ছেঁড়া বা কাটা নোটের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘Note Refund Rules’ অনুযায়ী, নোটের অবশিষ্ট ক্ষেত্রফলের পরিমাণ ও সেই নোটে থাকা তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি অক্ষত আছে কিনা, তার উপর নির্ভর করে আংশিক মূল্য দেওয়া হয়। অর্থাৎ, যদি একটি নোটের একটি নির্দিষ্ট অংশের চেয়ে বেশি অক্ষত থাকে, তবে সম্পূর্ণ বা আংশিক মূল্য পাওয়া যায়।
কোথায় বদলানো যাবে আপনার ছেঁড়া নোট?
কোন ধরণের নোট বদলে কত টাকা পেতে পারেন, সেটা তো জানলেন। কিন্তু আপনার কাছে থাকা খারাপ নোট কোথায় বদলাবেন কোথায়, সেটা জানেন কি? খারাপ নোট বদলানোর মূলত ২টি জায়গা রয়েছে।
যে কোনও ব্যাঙ্ক শাখা: দেশের সমস্ত ব্যাঙ্কের ব্রাঞ্চ নোংরা বা সামান্য ক্ষতিগ্রস্ত নোট নিয়ে তা বদলে দিতে বাধ্য।
রিজার্ভ ব্যাঙ্ক বা মনোনীত ব্যাঙ্ক: যদি আপনার নোট মারাত্মকভাবে ছেঁড়া, কাটা, বা পোড়া হয় বা নোটের নম্বর মিসিং থাকে, তাহলে তা একমাত্র রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে বা রিজার্ভ ব্যাঙ্ক মনোনীত ব্যাঙ্ক শাখাগুলোতে জমা দিতে হবে। সেখানে নোটটি পরীক্ষা করার পর তার মূল্যায়ণ করা হবে ও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ জমা করিয়ে দেওয়া হবে।
কোন কাজ একদম করবেন না?
রিজার্ভ ব্যাঙ্ক ছেঁড়া নোট নিয়ে বারে বারে সতর্ক করেছে। তারা জানিয়েছে এমন কিছু কাজ অনেকেই করে, যা করলে নাকি ছেঁড়া নোট বদলানোর অযোগ্য হয়ে যেতে পারে।
টেপ বা আঠা ব্যবহার: নোটের ছেঁড়া অংশ জোড়া লাগানোর জন্য ভুল করেও টেপ বা আঠা ব্যবহার করবেন না। এতে ওই নোট আরও খারাপ হয়ে গিয়ে তার অবমূল্যায়ন হয়ে যেতে পারে।
অতিরিক্ত টুকরো: যদি একটি নোটের একাধিক টুকরো হয়ে গিয়ে থাকে, তবে নিশ্চিত করতে হবে যে সেই টুকরোগুলো একই নোটের অংশ। কোনও নির্দিষ্ট নোটের মধ্যে অন্য নোটের টুকরো ঢুকে গেলে ওই নোটের কোনও মূল্য থাকবে না।
স্টেপল করা: অনেক সময় মানুষ ছোট নোটের ক্ষেত্রে স্টেপল পিন ব্যবহার করে। নোটে স্টেপল করলে নোটের ক্ষতি হয়। ফলে, নোটের অবমূল্যায়ন হতে পারে।
একটি নোট ছিঁড়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া মানেই তা বাতিলের খাতায়, এমন নয়। রিজার্ভ ব্যাঙ্ক তাদের নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে যে কোনও ব্যাঙ্কই তার গ্রাহকদের এই ধরণের পরিষেবা দিতে বাধ্য। ব্যাঙ্কের কর্মচারীরা আপনার নোট বদলাতে না চাইলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে পারেন আপনি। আর ব্যাঙ্ক ম্যানেজার যদি আপনার অভিযোগে কর্নপাত না করে এই ক্ষেত্রে আপনাকে অভিযোগ জানাতে হবে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। আপনি যদি সঠিক নিয়ম মেনে সব কাজ করেন তাহলে আপনার টাকা কোনও ভাবেই নষ্ট হবে না। আর এই ধরণের বিষয়ে আরও জানতে চাইলে নজর রাখুন টিভি নাইন ডিজিটালে।