Purba Medinipur: চাকরি হারিয়ে ভুগছিলেন ‘মানসিক অবসাদে’, অসুস্থ হয়ে মৃত্যু শিক্ষিকার – Bengali News | A teacher from Purba Medinipur who lost her job after Supreme court verdict in SSC case died in hospital
মৃত্যু হয়েছে চাকরিহারা শিক্ষিকা অর্পিতা দাস মাইতিরImage Credit: TV9 Bangla
মেচেদা: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছিলেন। নাম ছিল অযোগ্য তালিকায়। অসুস্থ হয়ে মৃত্যু হল চাকরিহারা ওই শিক্ষিকার। মৃতের নাম অর্পিতা দাস মাইতি(৩৫)। বাড়ি পূর্ব মেদিনীপুরের মেচেদায়। শুক্রবার কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। পরিজনরা বলছেন, চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন অর্পিতা।
২০১৬ সালের এসএসসি-র প্যানেলে চাকরি পেয়েছিলেন মেচেদার কাকডিহির বাসিন্দা অর্পিতা। তমলুকের ডহরপুর তফসিলি হাইস্কুলে একাদশ-দ্বাদশ স্তরে এডুকেশনের শিক্ষিকা ছিলেন। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। ‘টেন্ডেড’ তালিকায় থাকা চাকরিহারা শিক্ষকরা ফের পরীক্ষায় বসতে পারবে না বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, এসএসসি নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, তাতে ফর্ম ফিল আপ করেছিলেন অর্পিতাও। তবে তাঁর অ্যাডমিট কার্ড বাতিল হয়ে যায়। পরিজনরা বলছেন, এতে মানসিক অবসাদে ভুগছিলেন অর্পিতা। অসুস্থ হয়ে পড়ায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনায় ভেঙে পড়েছেন ওই শিক্ষিকার পরিবার।
মৃত শিক্ষিকার শ্বশুর নিত্যানন্দ মাইতি বলেন, “আমার বউমা চাপা স্বভাবের ছিল। যেদিন সুপ্রিম কোর্ট শিক্ষকদের চাকরি বাতিলের রায় দেয়, সেদিনও স্কুলে গিয়েছিল। তারপর আর স্কুলে যায়নি। কেউ কিছু না বললেও মনে মনে উদ্বেগে থাকত। আমার বউমা চাকরি হারানোর আগে ভালই ছিল। কিন্তু, একমাস আগে শিরদাঁড়ায় যন্ত্রণা হয়। চিকিৎসকদের দেখানো হলে, তাঁরা বলেন, মেরুদণ্ড ক্ষয়ে যাচ্ছে। তারপর অপারেশন করা হয়। অপারেশনের পর ঠিকই ছিল। কিন্তু, হঠাৎ করে শ্বাসকষ্ট হতে থাকে। আবার হাসপাতালে ভর্তি করি। সেখানেই স্ট্রোক হয়ে বউমার মৃত্যু হয়েছে।”
ওই চাকরিহারা শিক্ষিকার মৃত্যু নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুজয় মাইতি বলেন, “চাকরি চলে যাওয়ার পর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ওই শিক্ষিকা। সেখান থেকেই অসুস্থ হয়ে পড়েন।”
কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চাকরিহারা এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সন্তোষ মণ্ডল। তবে যোগ্যদের তালিকায় নাম ছিল তাঁর। চাকরি হারিয়ে হতাশা গ্রাস করেছিল তাঁকে। তার জেরেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে পরিজনরা দাবি করেন।