Amit Shah: কালীঘাট মন্দির থেকে পুজো দিয়ে সবে বেরিয়েছেন অমিত শাহ, আচমকা কয়েকজন চিৎকার করে বলে উঠলেন…. – Bengali News | Amit Shah saw slogans of ‘Jai Bangla’ while leaving Kalighat
অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: তৃণমূল হেভিওয়েট নেতা-নেত্রীর সামনে ‘জয় শ্রীরাম’ আর বিজেপি-র হেভিওয়েটের সামনে ‘জয় বাংলা’ স্লোগান নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী কেউ বাদ যাননি। আর স্লোগান তরজায় বহু সময়ই দেখা যায় তাঁরা মেজাজও হারিয়ে ফেলেন। এবারও অমিত শাহের সামনে উঠল ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছেন। তিনি সন্তোষমিত্র স্কোয়ার ও ইজ়েটসিসিতে দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন। তারপর সোজা পৌঁছে যান কালীঘাটে। সেখানে পুজো দেন। আর কালীঘাট মন্দির থেকে বেরনোর সময় পিছন থেকে আচমকা কয়েকজন যুবক জয় বাংলা বলে ওঠে। কিন্তু কেউ কিছু বোঝার আগেই সেই যুবকরা ভিড়ের মধ্যে লুকিয়ে যায়। যদিও, তৃণমূল এই বিষয়টি অস্বীকার করেছে। ৮৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় বলেন, “ওদেরই লোক এই সব করেছে। আমাদের লোক করবে এমনটা হতেই পারে না। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী নই।” অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য বলেন, “অমিত শাহের ফ্লেক্স ছেড়া হয়েছে। সকালবেলা জয় বাংলা পোস্টার লাগানো হয়েছে।”
প্রসঙ্গত, উল্লেখ্য, এর আগে কেন্দ্রের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লোগান দেওয়া জনতাকে থামানোর চেষ্টা করেন। সেই সময় মুখ্যমন্ত্রীকে গম্ভীর মুখে থাকতে দেখা যায়। এই ঘটনায় যে তিনি বিরক্ত হয়েছেন তা বুঝিয়ে দেন তাঁরা। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডানকুনি টোলপ্লাজার সামনে একদিন কালো পতাকা এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয়।