JU: নির্দেশিকাকে থোড়াই কেয়ার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদের আসর, বাধা দেওয়ায় মার খেলেন নিরাপত্তারক্ষী - Bengali News | Security guard allegedly beaten after he tries to stop drinking alcohol in Jadavpur University campus - 24 Ghanta Bangla News
Home

JU: নির্দেশিকাকে থোড়াই কেয়ার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদের আসর, বাধা দেওয়ায় মার খেলেন নিরাপত্তারক্ষী – Bengali News | Security guard allegedly beaten after he tries to stop drinking alcohol in Jadavpur University campus

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়Image Credit: নিজস্ব চিত্র | Getty Image

কলকাতা: জারি হয়েছে নির্দেশিকা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে মাদক সেবনের সময় ধরা পড়লে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। তারপরও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের আসর বসানোর অভিযোগ। শুধু তাই নয়, মদের আসর তুলতে গেলে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, নিরাপত্তারক্ষীর নাকে ঘুষি মারেন প্রাক্তন পড়ুয়ারা। গতকাল রাতের এই মদের আসরে বেশ কয়েকজন বর্তমান পড়ুয়াও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

গত ১১ সেপ্টেম্বর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট লাগোয়া ঝিল থেকে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে মদের আসর বসেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। যেখানে স্পষ্ট বলা হয়, ক্যাম্পাসের মধ্যে মাদক সেবন করলে আইনানুযায়ী পদক্ষেপ করা হবে।

ক্যাম্পাসের মধ্যে ঝোপঝাড়ের আড়ালে মদের আসর বসে বলে অভিযোগ। সেই ঝোপঝাড় পরিষ্কারে টেন্ডারও ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঝিলের পাড়ে উঁচু ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ক্যাম্পাসের মধ্যে মদের আসর বসানোর অভিযোগ উঠল। আর তাতে বাধা দেওয়ায় মার খেতে হল নিরাপত্তারক্ষীকে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তখন বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসে সিসিটিভি বসাতে দেওয়ার বিপক্ষে পড়ুয়াদের একাংশ। এই পরিস্থিতিতে যাদবপুরের নিরাপত্তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে রিপোর্ট দিলেন ডিসি (এসএসডি) বিদিশা কলিতা। রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, পুরো ক‍্যাম্পাসে ২৩০টি ক্যামেরার প্রয়োজন রয়েছে। মেন হস্টেলে ৬০টি ক্যামেরা বসানোর কথা রিপোর্টে লিখেছেন বিদিশা কলিতা। সিসিটিভির অ‍্যাকশেস যাদবপুর থানায় দেওয়ার পরামর্শ দিয়েছেন। যাদবপুরে স্থায়ী পুলিশ আউটপোস্ট বসানোর কথাও রিপোর্টে লিখেছেন ডিসি (এসএসডি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *