Murshidabad: ১৮ বছর হওয়ার আগেই বিয়ে, আইনত প্রশ্ন উঠতেই নিজেদের শেষ করে দিল ওরা – Bengali News | 17 years old couple body recovered from their home at Murshidabad
বহরমপুর: প্রেমের টানে বিয়ে করে ফেলেছিল অপ্রাপ্তবয়স্ক জুটি। আইনের ফাঁদেই মৃত্যু কিশোর-কিশোরীর! দাবি মৃতের আত্মীয়ের। ১৮ বছর হওয়ার আগেই বিয়ে করে ফেলেছিল তারা। তাই কিশোরকে হোমে নিয়ে যায় শিশু সুরক্ষা কমিশন। হোম থেকে ফিরে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। সেই ঘটনার দুদিনের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোরীও।
চার মাস আগে বহরমপুর থানার বাগমারা এলাকার ইনতাজুল শেখের(১৭) সঙ্গে বিয়ে হয় খুরসানা খাতুনের। বহরমপুর থানার অন্তর্গত রাণিনগর পশ্চিম পাড়ার বাসিন্দা খুরসানা। প্রেমের সম্পর্ক থেকেই হয় বিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর উভয় পক্ষ মানিয়ে নেয়। সংসারও করতে থাকে দুজনে।
পরবর্তী সময়ে সিডব্লুসি (CWC) অফিস থেকে প্রায় তিন মাস আগে ইন্তাজুল শেখ ও তাঁর বাড়ির লোককে ডেকে পাঠানো হয়। তাদের পরামর্শ দেওয়া হয় যাতে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তারা আলাদা থাকে। ইন্তাজুল শেখ মাঝে মাঝে গিয়ে সিডব্লুসি-তে হাজিরা দেওয়ার কথাও বলা হয়।
কয়েকদিন ইন্তাজুল শেখ হাজিরাও দেয়। কিন্তু পাত্রীপক্ষকে কখনও সিডব্লুসি ডেকে পাঠায়নি। গত ২৩ সেপ্টেম্বর রাতে ইন্তাজুলের মৃত্য়ু হয়। তার নিজের বাড়িতেই গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর দু দিন পর মধ্যরাতে খুরসনা খাতুনকেও একই অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় করে। মৃত ইন্তাজুল শেখের বাবার অভিযোগ আইনের ফাঁদে পড়েই মৃত্যু হয়েছে তাঁর ছেলের।