Kolkata Metro: ময়দান থেকে টালিগঞ্জ চলছে না মেট্রো – Bengali News | One person trying to commited suicide in jatin das metro station
কলকাতা: পুজোর মুখে আবারও আত্মহত্যার চেষ্টার খবর এল মেট্রো স্টেশন থেকে। চতুর্থীর দিন যখন হইহই করে লোকজন বেরচ্ছেন ঠাকুর দেখতে, সেই সময়ই ঘটল অঘটন। যতীনদাস মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। মেট্রো স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি ঝাঁপ দিয়েছেন বলে খবর আসছে। আর এই ঘটনার জেরে সাময়িক ভাবে মেট্রো চলাচল ব্লু (Blue line)-এ বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
মেট্রো রেল সূত্রে খবর, বর্তমানে মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত। আর অন্যদিক মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। সাময়িকভাবে পাঁচটি মেট্রো স্টেশন থেকে মেট্রো চলছে না। অর্থাৎ, ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত বিঘ্নিত হচ্ছে।
এ দিকে, দুর্গাপুজোর জন্য ইতিমধ্যেই মেট্রো তাদের সময় সূচি জানিয়েছি। ভিড় সামলাতে এবং দর্শনার্থীরা যাতে নির্বিঘ্ন পুজো দেখতে পারেন তাই পুজোর আগেই মেট্রো জানাল তাদের পুজোর সময় পরিষেবা নিয়ে। কত সংখ্যক ট্রেন চলবে, অতিরিক্ত ট্রেন চলবে কি না সবটাই জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার। মেট্রো রেল সূত্রে খবর, পঞ্চমী (২৭ সেপ্টেম্বর) থেকে দশমী (২ অক্টোবর) পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো ও পার্পল লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে বিশেষ আকর্ষণ— সপ্তমী, অষ্টমী ও নবমীতে (২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) ব্লু ও গ্রিন লাইনে সারারাত মেট্রো চলবে। কিন্তু পুজো শুরুর আগেই বিপত্তি।