চন্দ্রনাথের মামলায় ইডির আর্জি খারিজ, বহাল থাকল জামিন, আদালতে স্বস্তি মন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

চন্দ্রনাথের মামলায় ইডির আর্জি খারিজ, বহাল থাকল জামিন, আদালতে স্বস্তি মন্ত্রীর

Spread the love

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে স্বস্তি পেলেন অভিযুক্ত পশ্চিমবঙ্গের কারা ও ক্ষুদ্র-কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁর জামিনের বিরোধিতা করে ইডি যে আর্জি জানিয়েছিল, তা বুধবার খারিজ করে দিল আদালত। ফলে আপাতত বহাল থাকছে তাঁর জামিন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী দু’দিন তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন: অস্বস্তিতে চন্দ্রনাথ, মন্ত্রীর বিরুদ্ধে ইডির চার্জশিটে অনুমোদন রাজ্যপালের

উল্লেখযোগ্যভাবে, পার্থ চট্টোপাধ্যায়ের পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা দ্বিতীয় মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিংহ। ইডির তরফে অভিযোগ, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর সরাসরি যোগ রয়েছে। কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল। কিন্তু গত ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ বিচারভবনের ইডি বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। আদালত ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে।বুধবারের শুনানিতে আদালত জানিয়ে দেয়, জামিন বহাল থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার আগামী ২৫ এবং ২৬ সেপ্টেম্বর মন্ত্রীকে ইডি দফতরে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে হবে। প্রয়োজনে পরবর্তী পর্যায়ে তাঁকে আবারও তলব করা হতে পারে।

রায়ের পর চন্দ্রনাথ বলেন, তিনি সবসময় বিচারব্যবস্থার উপর ভরসা রেখেছেন। ভবিষ্যতেও রাখবেন। সচেতনভাবে কখনও কোনও অন্যায় করেননি। আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা দেবেন। এর আগে ইডি চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল। পরে তিনি একাধিকবার ইডির তলব এড়িয়ে যান। অবশেষে গত মাসে স্বেচ্ছায় হাজিরা দেন। যদিও তখন তাঁকে কতটা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তার আগেই ইডি আদালতে চার্জশিট জমা দিয়েছিল। আদালত জানিয়েছে, জামিন বহাল থাকলেও চন্দ্রনাথ সিংহ আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিয়ম মেনে চলতে হবে। পুজোর মুখে এই নির্দেশে খানিকটা স্বস্তি পেলেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *