Travel Tips: ট্রেন-বাস সব টিকিট শেষ? পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে যান এই পথে, যাত্রা হবে আরামদায়ক – Bengali News | All the tickets of bus and trains are sold out, know the alternative rotes to visit north Bengal during Durga Puja 2025
বাঙালির পুজোর আরেকটি যে জিনিস ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে তা হল ঘুরতে যাওয়া। পুজোর সময় বাঙালির একটা বড় অংশ চলে যায় ঘুরতে। আপনিও কি পুজোতে উত্তরবঙ্গে ঘুরতে যাবেন ভাবছেন? এদিকে টিকিট প্রায় সব বুক হয়ে গেছে। ট্রেনে টিকিট নেই বললেই চলে। সরাসরি বাসের অবস্থাও খারাপ। তাহলে উপায়। চিন্তিত হওয়ার কিছু নেই। এই প্রতিবেদনে রইল সেই সমস্যা সমাধানের উপায়।
মালদা হয়ে উত্তরবঙ্গে যান –
যদি সরাসরি নিউ জলপাইগুড়ির টিকিট না পান তাহলে বরং কোনও ভাবে মালদা চলে যান। ট্রেন পেলে ভাল নাহলে সরকারি বেসরকারি, এসি-নন সব ধরনের বাস পেয়ে যাবেন সহজে। রাতের বাসে সকালে মালদা পৌছে যাবেন। সম্য লাগবে ৮ থেকে ৯ ঘন্টা। ভোরে বেরোলে দুপুর থেকে বিকেলের দিকে পৌছে যাবেন।
মালদা টাউন থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য একাধিক যান রয়েছে। ট্রেন পেয়ে যাবেন। সময় বেশি লাগে না। ব্রেক করে হলেও যাত্রা আরামদায়ক হতে পারে। সাধারণত ৩-৪ ঘন্টায় বাসে মালদা থেকে শিলিগুড়ি যাওয়া যায়। শিলিগুড়ি পৌছে গেলেই তারপর গাড়িতে করে আপনার পছন্দের গন্তব্য।
মালদা যাওয়ার সবচেয়ে সুবিধা হল, পশ্চিম ভারত এবং দিল্লি থেকে আসা ট্রেন মালদা হয়ে উত্তরবঙ্গের দিকে যায়। তাই অপশন অনেক বেড়ে যায়। আবার অনেক ট্রেন মালদায় এসে ফাঁকা হয়। ফলে সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কলকাতা থেকে যে ট্রেনে টিকিট নেই, মালদা থেকে সেই ট্রেনেই টিকিট পেতে পারেন।
একটু বেশি আরামে যেতে চাইলে, দার্জিলিং, জলপাইগুড়ি, ডুয়ার্স বা অনান্য নানা জায়গায় মালদা ট্যাক্সি স্ট্যান্ড থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন। তবে এতে খরচা হয়তো একটু বেশি পড়বে।
একটা কথা মনে রাখবেন, যাওয়ার বিষয়টা যেমন তেমন। কিন্তু গত কয়েক বছরে উত্তরবঙ্গে যাওয়ার হিড়িক যেভাবে মানুষের মধ্যে বেড়েছে তাতে থাকার জায়গা অগ্রিম বুকিং না করে ভুলেও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন না। শেষে দেখলেন রাস্তায় রাত কাটাতে হতে পারে। তাই ওই বিষয়টা আগেই সেরে নিন।