Malda: বাংলাদেশি হয়েও ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে অবাধ বিচরণ! অবশেষে সব ফাঁস – Bengali News | Young person arrested from Malda as he was living in Malda being a Bangladeshi
মালদহ: ফের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হল উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে। নিজের নাম পরিচয় বদলে, জাল নথি দিয়ে দিনের পর দিন বাংলায় বাস করছিলেন তিনি! এমনই অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। দীর্ঘ ১০ বছর ধরে এভাবেই নাকি তিনি এদেশে বসবাস করছিলেন। জেরায় সে কথাও অস্বীকারও করেননি যুবক।
মালদহের ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার ওই বাংলাদেশি। ধৃত বাংলাদেশির নাম হৃদয় মিয়াঁ। বছর ২০-র ওই যুবক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ইংরেজবাজারের মহদিপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাঁকে।
সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজনই প্রথমে ওই যুবককে আটক করে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশি জেরায় ওই যুবক নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে নেয়। ধৃত বাংলাদেশির কাছ থেকে একটি প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জেরায় ওই বাংলাদেশি যুবক পুলিশকে জানিয়েছেন, প্রায় ১০ বছর আগে ভারতে এসেছিলেন তিনি।
দিন কয়েক আগে হাওড়া থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশি যুবককে। জানা যায়, ২২ বছর আগে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে আগরতলায় ঢোকেন ওই ব্যক্তি। এছাড়া গত মে মাসে নদিয়ায় একসঙ্গে ১০ জনকে গ্রেফতার করা হয়।