Hingalganj: ছেলের অত্যাচারে বাবার দেওয়া সম্পত্তি বাবাকেই ফেরাল আদালত – Bengali News | Hingalganj court returns property given to father after sons torture
বাঁ দিকে শ্বশুর, ডান দিকে অভিযুক্ত বৌমাImage Credit source: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: ছেলের অত্যাচারে বাবার দেওয়া সম্পত্তি পুনরায় বাবাকেই ফিরিয়ে দিল আদালত। বসিরহাট মহকুমা আদালতের নির্দেশে খুশি প্রতিবেশীরাও। হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের হাজারী কালী মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম সুবল মণ্ডল। তাঁর ছেলে সুমন। সুবলের অভিযোগ ছিল, তাঁর সম্পত্তি ছেলে এবং তাঁর বৌমা জোর করে তাঁর কাছ থেকে লিখিয়ে নেয়। ছেলে-বৌমার নামে সব সম্পত্তি লিখেও দেন বৃদ্ধ।
অভিযোগ, সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর থেকেই বাবার ওপর অত্যাচার শুরু করেন ছেলে-বৌমা। দুবেলা ঠিক মতো খেতেও দিতেন না। প্রায় প্রতিদিনই বাবাকে মারধর করতেন বলে অভিযোগ। মাঝেমধ্যে প্রতিবেশীরাও বিষয়টা মিটমাট করতে যেতেন। কিন্তু একান্ত পারিবারিক বিষয় বলে সবসময় নাকও গলাতেন না। তাতে বৃদ্ধের ওপর আরও বাড়ত অত্যাচার।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, এলাকায় একাধিকবার সালিশিসভাও বসে। কিন্তু তাতেও কোনওরকম সমস্যার সমাধান হয় না। এরপর বৃদ্ধ সুবল আদালতের দ্বারস্থ হয়। আদালত সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে বাবার সম্পত্তি আবার বাবাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বাবাকে সম্পত্তি ফিরিয়ে দিতে বাধ্য হন ছেলে। এই বিষয়ে ছেলে সুমন মন্ডল বা তার স্ত্রীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । সুমন মন্ডলের স্ত্রীর কাছে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান ।
বৃদ্ধ বলেন, “আমার সম্পত্তি আমার ছেলেই পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সম্পত্তি লিখে দেওয়ার পর থেকেই যেভাবে আমার ওপর অত্যাচার শুরু হল, তাতে আমার বাঁচাই দায় হল! বিচারব্যবস্থার ওপর ভরসা ছিল।”
অন্যদিকে, একদম পাশের বাড়ির এক প্রতিবেশী বলেন, “যা অত্যাচার করত, তা চোখে দেখা যেত না। রোজ অশান্তি, খেতেও দিত না ঠিকমতো। শেষমেশ উনাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।”