IT Sector: ‘আমার চাকরি খেয়েছ’ বলে হুমকি! সেক্টর ফাইভের IT কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক – Bengali News | Person arrested for giving thret to IT worker of sector V
সল্টলেক: মহিলা কর্মীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য এবং রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক। তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরত এক মহিলাকে বারবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। অভিযোগ, ওই যুবক মহিলাকে চাকরিচ্যুত করার হুমকিও দেন ওই যুবক।
গ্রেফতার হওয়া যুবকের নাম জোন অ্যান্থনি ফিলিপস। গত ২১ অগস্ট তাঁর বিরুদ্ধে বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ জানান, বেহালার বাসিন্দা সুকন্যা মিত্র। সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি।
অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত যুবকের চাকরি চলে যায়। খারাপ পারফর্ম্যান্স বা কাজের জন্যই ওই যুবক চাকরি হারান বলে অভিযোগে দাবি করা হয়েছে। তারপর থেকেই সুকন্যাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, জন অ্যান্থনি ফিলিপ বারবার তাঁর চাকরি হারানোর জন্য সুকন্যাকে দায়ী করেছেন। তাঁর ‘চাকরি খেয়েছে’ বলে দায় চাপিয়েছেন ওই মহিলা কর্মীর উপর। সেই হুমকি দেওয়ার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে অ্যান্থনিকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২৯৯ ধারায় মামলার রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।