Purulia: গায়ে-মাথায় ব্লেড চালাতে শুরু করলেন... স্বাধীনতা দিবসের সকালে জেলাশাসকের দফতরে ভয়ঙ্কর কাণ্ড - Bengali News | Purulia businessman cut his head with blade during independence day programme - 24 Ghanta Bangla News
Home

Purulia: গায়ে-মাথায় ব্লেড চালাতে শুরু করলেন… স্বাধীনতা দিবসের সকালে জেলাশাসকের দফতরে ভয়ঙ্কর কাণ্ড – Bengali News | Purulia businessman cut his head with blade during independence day programme

নিজের শরীরে ব্লেড চালিয়ে দেন ওই ব্যবসায়ীImage Credit source: TV9 Bangla

পুরুলিয়া: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন জেলাশাসকের দফতরে আত্মহত্যার চেষ্টা এক শিল্পপতির। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। শিল্পপতির নাম দীনেশ আগরওয়াল। পুরুলিয়ায় তাঁর রাইস মিলের ব্যবসা ছিল। তিনি পুরুলিয়ার ঝালদা শহরের বাসিন্দা। বড় ব্যবসায়ী পরিবার হিসেবে এলাকায় তাঁদের পরিচিতি রয়েছে। তাঁর অভিযোগ, তাঁর বসতবাড়ি সহ ১৫ কাঠা জমি ‘ভেস্ট’ করে দেওয়া হয়েছে। সেই অভিযোগ তুলেই এদিন সর্বসমক্ষে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

ওই ব্যবসায়ীর অভিযোগ, বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন তিনি, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাঁর অভিযোগ, সেই জমি নিজেদের নামে করতে চাইলে তাঁর কাছ থেকে ঘুষও চাওয়া হয়েছে। দীনেশের আরও দাবি, বারবার জেলাশাসকের সঙ্গে দেখা করতে গেলেও জেলাশাসক দেখা করেননি।

শুক্রবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন আচমকাই সেখানে উপস্থিত হন ওই ব্যবসায়ী। এরপর তাঁর কাছে থাকা ব্লেড বের করে মাথায় ও হাতের একাধিক জায়গায় কাটেন। তিনি দাবি করেন, জেলার ভূমি দফতর থেকে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। এদিন জেলাশাসকের দফতরের কাছে দাঁড়িয়ে তিনি বলতে থাকেন, “আজ স্বাধীনতা দিবসেও কেউ শুনছে না, আমাদের কোনও স্বাধীনতা নেই। ইংরেজরা চলে গিয়েছে, কিন্তু অফিসারদের রাজ এখনও আছে।” তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দীনেশ আগরওয়াল বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক। আমার বাড়ির জমিকে ভেস্ট করে দিয়েছে।’ অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিজেপি। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “শিল্পপতি হোক বা সাধারণ মানুষ, কাউকে হেনস্থা করার অধিকার নেই আধিকারিকদের। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।” তাঁর দাবি, প্রত্যেক দফতরে কাটমানির রেট বেঁধে দেওয়া হয়েছে। পুরো পশ্চিমবঙ্গে একই অবস্থা। পুরুলিয়ার তৃণমূলের সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাতোর দাবি, মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতি-বিরোধী বার্তা দেন। তাঁর দাবি, যদি কিছু হয়ে থাকে, তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *