Auto Driver Beaten: মাত্র ১০ টাকার জন্য অটোচালককে নৃশংসভাবে মারধর, শিউরে উঠছে পুলিশও - Bengali News | Auto driver beaten with sticks, stones over Rs 10 fare dispute in Gurugram - 24 Ghanta Bangla News
Home

Auto Driver Beaten: মাত্র ১০ টাকার জন্য অটোচালককে নৃশংসভাবে মারধর, শিউরে উঠছে পুলিশও – Bengali News | Auto driver beaten with sticks, stones over Rs 10 fare dispute in Gurugram

নৃশংসভাবে মারধর করা হয় অটোচালককেImage Credit source: Social Media

গুরুগ্রাম: নৃশংস। মাত্র ১০ টাকার জন্য এক অটোচালককে বেধড়ক মারধর করা হয়। লাঠি-পাথর দিয়ে নির্মমভাবে তাঁকে মারা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বছর উনিশের ওই অটোচালক। নৃশংস এই মারধরের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি হরিয়ানার গুরুগ্রামের। বিপিন নামে ওই অটোচালককে মারধরের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

আক্রান্ত অটোচালক বিপিনের বাড়ি উত্তর প্রদেশের কনৌজে। ঘটনাটি ঘটেছে গত ১০ অগস্ট (রবিবার)। গুরুগ্রাম থেকে এক যাত্রীকে নিয়ে বাসাই আসছিলেন তিনি। বাসাই রোড পেট্রোল পাম্পের সামনে পৌঁছন দুপুর ২টা নাগাদ। সেখানে ভাড়া নিয়ে আরোহীর সঙ্গে বিপিনের বচসা বাধে। মাত্র ১০ টাকার জন্য ২ জনের তীব্র বাদানুবাদ শুরু হয়। তখন ওই যাত্রীর ফোন করে তাঁর আত্মীয়দের ডাকেন।

অভিযোগ, লাঠি-সোটা ও হাতে পাথর নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ওই যাত্রীর আত্মীয়রা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন লাঠি নিয়ে বিপিনের দিকে দৌড়ে যান। তারপর তাঁকে বেধড়ক মারতে শুরু করেন। আরও কয়েকজন তখন মারধর শুরু করেন। পাথর দিয়েও বিপিনকে মারা হয়।

পুলিশের কাছে অভিযোগপত্রে বিপিনের বৌদি জানিয়েছেন, ওই যাত্রীর সঙ্গে বিবাদের সময় বিপিন তাঁকে ফোন করেছিলেন। দ্রুত ঘটনাস্থলে আসতে বলেন। তিনি ও বিপিনের দাদা ঘটনাস্থলে পৌঁছন। বিপিনকে বাঁচাতে গেলে তাঁদের উপরও হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দারা জড়ো হতে শুরু করলে হামলাকারীরা সেখান থেকে পালান।

মাত্র ১০ টাকার জন্য এভাবে মারধরে হতবাক পুলিশও। গুরুগ্রাম পুলিশের পিআরও সন্দীপ কুমার জানিয়েছেন, একটা এফআইআর দায়ের হয়েছে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। একটি বেসরকারি হাসপাতালে বিপিনের চিকিৎসা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *