ভিড় বাস স্ট্যান্ডের শৌচাগারে ছুটে এল স্নিফার ডগ, গন্ধ শুঁকে যা খুঁজে বের করল, তাতে হাত-পা ঠান্ডা হওয়ার জোগাড় – Bengali News | Plot to Kill Karnataka CM Siddharamaiah, Deputy CM DK Shivkumar? 6 Gelatin Stick, Detonator Recovered from Public Restroom
শৌচাগার থেকে উদ্ধার বিস্ফোরক।Image Credit source: X
বেঙ্গালুরু: মুখ্যমন্ত্রীকে মারার ছক? উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর সভাস্থলে বিস্ফোরণ করার পরিকল্পনা ছিল বলেই অনুমান।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাস্থলে নাশকতার ছক বানচাল! সভাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি জিলেটিন স্টিক এবং ডিটোনেটর। কালাসিপাল্য বিএমচিসি বাস স্ট্যান্ডের কাছে শৌচালয় থেকে একটি রহস্যজনক ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগের ভিতরেই বিস্ফোরক ছিল।
জানা গিয়েছে, তিনদিন পর কেআর মার্কেটে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের। ওই মার্কেটের কাছেই একটি শৌচাগার থেকে উদ্ধার হয় রহস্যজনক ব্যাগ।
ব্যাগটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেন শৌচাগারের কর্মী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডেও।
স্নিফার ডগ এনে তল্লাশি চালাতেই উদ্ধার বিস্ফোরক। কে বা কারা ওই বিস্ফোরক ভরা ব্যাগ রেখে গিয়েছিল, তা সিসিটিভি দেখে খুঁজছে পুলিশ।
ওই শৌচাগারের কর্মী জানিয়েছেন, এক ব্যক্তি ব্যাগ নিয়ে ভিতরে গিয়েছিলেন। এরপর ব্যাগটি রেখেই তিনি চলে যান। শৌচাগারের কর্মী প্রথমে ভেবেছিলেন, হয়তো ভুল করে ব্যাগ ফেলে গিয়েছেন। কিছুক্ষণ পর এসে ফেরত নিয়ে যাবেন। এই ভেবে তিনি শৌচাগারের ভিতর থেকে ব্যাগটি বের করে এনে নিজের পাশে রাখেন। কিন্তু দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও কেউ না আসায় পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বিস্ফোরক বোঝাই ব্যাগ উদ্ধার করে।
জানা গিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই বিস্ফোরক এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
