Jalpaiguri: ধর্ষণের ভিডিয়ো দেখিয়ে বারবার যৌন নির্যাতন, নাবালিকার গর্ভস্থ ভ্রূণের DNA পরীক্ষাতেই ধরা পড়ল ধর্ষক - Bengali News | Court gives 25 and 20 years imprisonment to two convicted persons for physically harassing a minor - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: ধর্ষণের ভিডিয়ো দেখিয়ে বারবার যৌন নির্যাতন, নাবালিকার গর্ভস্থ ভ্রূণের DNA পরীক্ষাতেই ধরা পড়ল ধর্ষক – Bengali News | Court gives 25 and 20 years imprisonment to two convicted persons for physically harassing a minor

Spread the love

দোষীসাব্যস্ত দুই যুবকImage Credit source: TV9 Bangla

জলপাইগুড়ি: এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের দায়ে দুই দোষীসাব্যস্তকে যথাক্রমে ২৫ বছর ও ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শুক্রবার এই সাজা শুনিয়েছেন বিচারক রিন্টু সুর। নাবালিকাকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন বিচারক। সাজা শোনার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে দুই দোষীসাব্যস্ত যুবক।

মামলার সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ২০২৩ সালের ১০ মে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার মা। অভিযোগপত্রে তিনি জানান, তাঁর বছর ষোলোর মেয়ে ২০২২ সালের জুন মাসে দিদিমার সঙ্গে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। সেখানে এক যুবক তাঁর মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর ধর্ষণ করে। এমনকি, ধর্ষণের ভিডিয়ো করে। ওই ভিডিয়ো তার বন্ধুকে পাঠায় ওই যুবক। এরপর ওই দুই বন্ধু মিলে ভিডিয়ো ছড়িয়ে দেবে বলে নাবালিকাকে ব্ল্যাকমেইল করে। এবং একাধিকবার তাকে ধর্ষণ করে। ঘটনায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

নাবালিকার মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং ডাক্তারি পরীক্ষা করান। তখনই জানা যায় যে নাবালিকা অন্তঃসত্ত্বা। তারপরই মাকে সব ঘটনা জানায় নাবালিকা। তারই ভিত্তিতে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পুলিশ ঘটনার তদন্তে নেমে শদ্রু লোহার ওরফে অমিত এবং কৃষ্ণ মাহালি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। জানা যায়, অমিত প্রথমে নাবালিকাকে ধর্ষণ করে ভিডিয়ো করেছিল। আর সেই ভিডিয়ো পাঠিয়েছিল কৃষ্ণ মাহালিকে। এদিকে, গর্ভপাতের জন্য আবেদন করে নাবালিকা। আদালতের নির্দেশে নাবালিকাকে গর্ভপাত করানো হয়।

সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, এই মামলায় আদালতে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। নাবালিকার গর্ভস্থ ভ্রূণ সংরক্ষণ করে তা থেকে ডিএনএ টেস্ট করা হয়। দু’জন অভিযুক্তর মধ্যে কৃষ্ণ মাহালির ডিএনএ ভ্রূণের ডিএনএ-র সঙ্গে মিলে যায়। দোষী সাব্যস্ত ওই যুবককে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তাকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেয় আদালত। দ্বিতীয় দোষীসাব্যস্ত যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে ছয় লক্ষ টাকা নাবালিকাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *